ভারতীয় নেতাদের সঙ্গে জাতীয় পার্টির সাংসদদের সাক্ষাৎ
ভারত সফররত জাতীয় পার্টির সংসদ সদস্যদের একটি প্রতিনিধি দল দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করে দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেছেন।
সপ্তাহব্যাপী এই সফরে ভারতের বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর সঙ্গেও তারা সাক্ষাৎ করছেন বলে প্রতিনিধি দলের প্রধান জিয়াউদ্দিন আহমেদ বাবলু শনিবার বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে জানিয়েছেন।
ভারত সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো জাতীয় পার্টির সংসদ সদস্যদের এই সফরে বাবুলের সঙ্গে ফকরুল ইমাম, জিয়াউল হক মৃধা, মোহাম্মদ নোমান, নুরুল ইসলাম মিলন, পীর ফজলুর রহমান, আমির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট আলতাফ আলী রয়েছেন।
তারা রোববার দেশে ফিরবেন বলে বাবলু জানিয়েছেন।
ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার বীনা সিক্রির সঙ্গেও সাক্ষাৎ করেছেন তারা।
সাক্ষাতে বাংলাদেশকে তুলে ধরেছেন জানিয়ে বাবলু বলেন, সন্ত্রাসবাদের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে কীভাবে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়া যায় সে বিষয়ে তারা আলোচনা করেছেন।
এছাড়া বাণিজ্য ভারসাম্যহীনতা এবং অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।
“সার্ককে কীভাবে আরও কার্যকর করা যায় তা নিয়েও মতবিনিময় করেছি।''
এই প্রতিনিধি দলের ভারতে যাওয়ার আগে দেশটির হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তাদের এই সফর দুই দেশের সম্পর্কোন্নয়নে ‘নতুন একটি অধ্যায় রচনা’ করবে।
