জঙ্গিবাদ নিয়ে বিএনপির আচরণ স্ববিরোধী: আম্বিয়া
জঙ্গিবাদের বিষয়ে বিএনপির অবস্থানকে ‘স্ববিরোধী’ আখ্যা দিয়েছে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন জাসদ।
শনিবার দলের কেন্দ্রীয় কমিটির প্রথম কার্যকরী সভায় সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, “জঙ্গিবাদ বিরোধী ঐক্য নিয়ে বিএনপি স্ববিরোধী আচরণ করছে।
“তারা জোট থেকে জামায়াত ও অন্যান্য উগ্র ধর্মান্ধ দলগুলোকে বাদ না দিয়ে কথার মারপ্যাঁচ কষে তাদের স্ববিরোধী অবস্থান দুর্বল যুক্তি দিয়ে সাফাই গাইছে। জঙ্গিবাদবিরোধী আন্দোলনে তাদের বিশ্বাস করা যায় না।”
গত ১ জুলাই গুলশানে হোলি আর্টিজান বেকারিতে হামলার পর জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানায় বিএনপি।
এর উত্তরে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, জামায়াত-বিএনপির সঙ্গে ঐক্যের কোনো প্রয়োজন নেই, জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হয়েই আছে।
এরপর বিএনপি নিজেরাই জঙ্গিবাদ বিরোধী ঐক্য গড়ার ঘোষণা দিয়ে সরকারবিরোধী নতুন রাজনৈতিক জোট গড়ার প্রয়াস নেয়।
এর মধ্যে গত ২ অগাস্ট বিএনপি নেত্রী খালেদা জিয়ার অন্যতম পরামর্শক এমাজউদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বলেন, ২০ দলীয় জোটে জামায়াতকে ‘ওইভাবে’ প্রয়োজন নেই।
তবে তার বক্তব্যের পরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমাজউদ্দিনের বক্তব্য তার ‘নিজস্ব’, ২০ দলীয় জোটের নয়।
দেশে উদ্ভূত জঙ্গিবাদ প্রতিরোধে মহাজোটের ঐক্যকে আরও বিস্তৃত করা প্রয়োজন বলে কার্যকরী সভায় মন্তব্য করেন জাসদ একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া।
“জঙ্গিবাদ মোকাবেলায় জনতার প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহাজোটের ঐক্যকে আরও বিস্তৃত ও গভীর করতে হবে। ১৪ দলের বাইরে অন্যান্য গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে বৃহত্তর ঐক্যে সামিল করতে হবে।”
সভায় গত ১ জুলাই গুলশান ক্যাফেতে জঙ্গি হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন দলের নেতারা।
সভার আলোচনায় জাসদের কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, মুশতাক হোসেন ও মো. খালেদসহ অন্যরা অংশ নেন।
