বেয়াইয়ের মৃত্যুবার্ষিকীর মিলাদে খালেদা
তারেক রহমানের শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদে অংশ নিয়েছেন খালেদা জিয়া।
শনিবার রাত ৯টায় ধানমন্ডিতে মরহুমের বাসা ‘মাহবুব ভবনে’ এই মিলাদ মাহফিল হয়। মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারপারসন।
১৯৮৪ সালের ৬ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাহবুব আলী খান।
প্রয়াতের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু, বড় মেয়ে শাহিনা খান জামান, তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমডোর সৈয়দ শফিউজ্জামান, খালেদা জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমাসহ আত্মীয়-স্বজনরা বিএনপি নেত্রীর পাশে বসে মিলাদে অংশ নেন।
এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন।
মাহবুব আলী খান স্মৃতি পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে সিলেটে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বিশেষ মোনাজাত হয়।
রিয়ার এডমিরাল মাহবুব আলী খান নৌ বাহিনীর প্রধান ছাড়াও জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টা ছিলেন। তার ছোট মেয়ে ডা. জোবাইদা রহমান (ঝুনু) বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী।
