‘আত্মঘাতীদের’ ধরতে গেলে তো জীবন যাবে: তোফায়েল
রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় যে নয়জন মারা গেছেন তাদের জীবিত ধরতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রাণ দিতে হত বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুয়েলেনারের নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
জঙ্গিবাদে জড়িতদের আত্মঘাতী প্রবণতার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, “যে লোকটা এসব কাজ করছে, সে তো সিদ্ধান্ত নিছে, সে মারা যাবে, মারা গেল বেহেস্তে যাবে। মারা যাওয়া এই লোকটাকে স্বাভাবিকভাবে যখন ধরতে যাবেন, তাহল তো আপনি জীবন দেবেন।
“… পৃথিবীর সব জায়গায় সন্ত্রাসী মৃত্যুবরণ করেছে। এগুলো নিয়ে যারা বক্তব্য দেয়, তারা সন্ত্রাস ও জঙ্গির বিরুদ্ধে আন্তরিক না। ”
এসময় পৃথিবীর বিভিন্ন জায়গার সাম্প্রতিক সন্ত্রাসী হামলার চিত্র তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ফ্লোরিডার নাইটক্লাবে যে গুলি করেছে, সে ঘটনাস্থলে মৃত। ফ্রান্সে ট্রাক চালিয়ে ৮৪ জনকে হত্যা করেছে, সে মৃত। জার্মানিতে ইদানিং যত ঘটনা ঘটেছে, কেউ বেঁচে নাই।
“এখানে বিএনপির নেতারা যখন বলেন, এদেরকে জীবিত উদ্ধার করতে পারলে ভালো হতো। যেখানে কালকের পত্রপত্রিকায় খবর আসছে, তারা কীভাবে তৈয়ার হয়েছে এবং ডাকছে পর্যন্ত যে, আমরা তো বেহেস্তে যাব।”
গত ২৬ জুলাই কল্যাণপুরের এক বাড়িতে অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন পুলিশ সদস্যরা। পরদিন ভোরে সেখানে সোয়াটের বিশেষ অভিযানে নিহত হন নয় জঙ্গি।
তবে তারা আসলেই জঙ্গি ছিল কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করে বক্তব্য দেন বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা, যার তীব্র সমালোচনা করে আসছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল বিএনপি নেতাদের সমালোচনা করে আরও বলেন, “একেকজন ছেলে তুচ্ছ-তাচ্ছিল্য করে বাবা-মাকে পর্যন্ত কটাক্ষ করেছে। সেখানে যখন বলা হয়, এরা সবাই জঙ্গি কি না- সন্দেহ আছে। তখন খুব খারাপ লাগে। জঙ্গিদের পেনড্রাইভে সব কিছু আছে। … সবচেয়ে বড় কথা হল, নয়টা ছেলে নয় জায়গার। এরা এক জায়াগায় কেন হবে- এই চিন্তাগুলো কেউ করে না।”
কল্যাণপুরের ঘটনার আগে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি ও গাজীপুরের শোলাকিয়ায় ঈদ জামাতের কাছে নজিরবিহীন হামলা চালায় জঙ্গিরা।
গুলশানের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিবিরোধী জাতীয় ঐক্যের ডাক দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা নাকচ করে বলেন, ইতোমধ্যে সে ঐক্য হয়ে গেছে।
জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পাশাপাশি ‘ওই সন্দেহ’ প্রকাশের মাধ্যমে বিএনপি নেতারা বাংলাদেশের মানুষের সঙ্গে ‘উপহাস’ করছেন বলে অভিযোগ করেন তোফায়েল আহমেদ।
“এগুলো নিয়ে যখন বিএনপি কথা বলে, আবার সাথে সাথে বলে জাতীয় ঐক্য। একদিকে পরোক্ষভাবে জঙ্গিদেরকে সমর্থন দেওয়া, অপরদিকে জাতীয় ঐক্যের কথা বলা- এটা বাংলাদেশের মানুষের সাথে উপহাস করা; আর কিছু না।
“জাতীয় ঐক্য মানে জনে জনে মানুষের মধ্যে মধ্যে ঐক্য; সেটা প্রতিষ্ঠিত হয়েছে। যে যেখানে থাকুক, প্রত্যেকটা মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে।”
এসময় জঙ্গিবাদকে শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, গুলশান, শোলাকিয় ও কল্যাণপুরের ঘটনা মোকাবেলায় বাংলাদেশ প্রশংসা পেয়েছে।
জঙ্গিবাদীদের ধরতে তদন্তের অগ্রগতি সম্পর্কে তোফায়েল বলেন, “যারা এটার মাস্টারমাইন্ড তাদের চিহ্নিত করা হয়েছে। তাদের ধরে দেওয়ার জন্য ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। যেভাবে সরকার এখন আগাচ্ছে। আমি মনে করি, সেদিন বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ হবে পৃথিবীর বুকে এমন একটি দেশ যেখানে সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থাকবে না।”
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতকে সহযোগিতা দেওয়ার জন্য দেশটি বড় প্রকল্প নিয়েছে। এর অংশ হিসেবে তাদের মন্ত্রী আগামী মাসে ঢাকা আসছেন। হোটেল রেডিসনে বড় অনুষ্ঠান হবে।
বর্তমান পরিস্থিতিতে গৃহীত পদক্ষেপে বিদেশি বন্ধুরা সন্তুষ্ট দাবি করে তিনি বলেন, “তারা পরিস্কার বলেছে, সরকার পদক্ষেপ নিচ্ছে, তাতে আমরা নিজেদেরকে নিজেরা নিরাপদ মনে করি। ”
স্বাভাবিক অবস্থা ফিরে আসছে দাবি করে তোফায়েল বলেন, “এই যে আমরা বাসা থেকে এখানে আসি, এক ঘণ্টা লাগে, ট্রাফিক জট, মানুষ কর্মময়, সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। ”
