ব্যর্থতা ঢাকতে জঙ্গিবাদ জিইয়ে রাখা হচ্ছে: নজরুল
ব্যর্থতা আড়াল করতে সরকার জঙ্গিবাদের বিষয়টি জিইয়ে রাখছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করার লক্ষ্যে একসাথে কাজ করার প্রস্তাব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা বিশ্বাস করি, যে কোনো প্রশাসন বা পুলিশ দিয়ে এই ধরনের সন্ত্রাস বা কোনো কার্যক্রম দমন করা যায় না, জনগণকে সাথে নিয়ে এটা দমন করতে হয়। কিন্তু সরকার তাতে আগ্রহী না।
“তাদের (সরকার) এই আগ্রহী না হওয়ার প্রধান কারণ হল- এই ইস্যুটাকে (জঙ্গিবাদ) জিইয়ে রাখতে হবে, যাতে করে জনগণ অন্যান্য ইস্যুগুলোর কথা ভুলে যায়। গণতন্ত্রের কথা ভুলে যায়, শেয়ার মার্কেটে লুটের কথা ভুলে যায়, ব্যাংক লুটের কথা ভুলে যায়, বাংলাদেশ ব্যাংকের অর্থ লুটের কথা ভুলে যায়, দুর্নীতি-অনাচারের কথা ভুলে যায়, খুন-অপহরণের কথা ভুলে যায়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার কথা ভুলে যায়, লাখ লাখ মানুষকে নিঃস্ব করে দেওয়ার যে নানা অপচেষ্টা সেগুলোর কথা ভুলে যায়।”
বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান মুদ্রাপাচার মামলায় উচ্চ আদালতের রায়ে দণ্ডিত হওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর উদ্যোগে এই আলোচনা সভা হয়।
দেশের বর্তমান অবস্থাকে ‘সংকটজনক’ আখ্যা দিয়ে এ থেকে উত্তরণে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার কায়েম করার জন্য লড়াই করছি। এই লড়াইকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটার পর একটা নতুন ইস্যু সৃষ্টি করা হচ্ছে। একটা ইস্যুর নিচে আরেক ইস্যুকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
“এই ইস্যুগুলো যাতে না থাকে সেজন্য বিশেষ করে সন্ত্রাস ও উগ্রবাদের ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে, জঙ্গি ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে।”
ড্যাবসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, “এই বিরূপ পরিস্থিতিতে সবাইকে এক সাথে কাজ করতে হবে, কাজ চালিয়ে যেতে হবে।
“আমি বিশ্বাস করি একটি নির্দিষ্ট মুহূর্তে নিশ্চয়ই জেগে উঠবে সবাই, যেমন জেগে উঠেছিল পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণের মুখে ২৬ মার্চ শহীদ জিয়ার আহ্বানের মধ্য দিয়ে। আবার কখনও সে রকম আহ্বান আসছে, আসবে। সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য সবাইকে প্রস্তুতি নিতে এবং সাহসের সাথে সেই লড়াইয়ে শরিক হতে হবে।”
তারেক রহমানের সাজা নিয়ে এই বিএনপি নেতা বলেন, “আজকে তারেক রহমানকে অন্যায়ভাবে অভিযুক্ত করে মামলার নামে সাজা দেওয়া হয়েছে। এটা অবিচার।
“কিন্তু নিশ্চয়ই এদেশের জনগণ, যারা ভাষার জন্য জীবন দিয়েছে, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, যারা আবার সেই স্বাধীনতার সুবর্ণ ফসল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়েছে, সেই বাংলাদেশে নিশ্চয়ই একদিন সুবিচার হবে এবং তারেক রহমান নির্দোষ-নিরাপরাধ প্রমাণ হবে, ইনশাল্লাহ।”
সংগঠনের সহ-সভাপতি রফিকুল কবির লাভুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাবের মহাসচিব এজেডএম জাহিদ হোসেন, ডা. মোস্তাক রহিম স্বপন, আবদুল মান্নান মিয়া, সিরাজউদ্দিন আহমেদ, রফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
