২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

মুদ্রাপাচার মামলায় আপিলের রায়ে ছেলে তারেক রহমান দণ্ডিত হওয়ার পর দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2016, 10:19 PM

Updated : 12 Apr 2022, 02:29 AM

গুলশানে খালেদার কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৯টা থেকে আড়াই ঘণ্টা এই বৈঠক হয়।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শামুসজ্জামান দুদু, জয়নুল আবেদীন, আবদুল কাইয়ুম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় নেতা মাহবুবউদ্দিন খোকন, খায়রুল কবীর খোকন, আবুল খায়ের ভুঁইয়া, হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল আজীম, শামা ওবায়েদ অংশ নেন।

বৈঠকে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার রায়, পরবর্তী আইনগত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানান রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বৈঠকের বিষয়ে শুক্রবার বেলা ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালযে সাংবাদিকদের জানানো হবে।

২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে দুদকের মামলায় আড়াই বছর আগে নিম্ন আদালতের রায়ে তারেক রহমান খালাস পেলেও হাই কোর্টে আপিলের রায়ে তার সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা অর্থদণ্ড হয়েছে।

জিয়াউর রহমান-খালেদা জিয়ার বড় ছেলে তারেকের বিরুদ্ধে সকালে এই রায় আসার পর বিএনপি নেতা রিজভী বলেন, সরকারের ‘ইচ্ছা পূরণ’ করতেই মুদ্রাপাচার মামলায় নিম্ন আদালতের খালাসের রায় বাতিল করে তাকে শাস্তি দেওয়া হয়েছে।

এই মামলায় ২০১৩ সালে বিচারিক আদালতের রায়ে তারেক রহমানকে খালাস দেওয়া হলেও অপর আসামি তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

উচ্চ আদালতের রায়ে মামুনের সাত বছরের কারাদণ্ড বহাল থাকলেও অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।