আম্বিয়া-প্রধানের নেতৃত্বে ১২৪ সদস্যের কমিটি
বিভক্তির মধ্যেই শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর পূর্ণাঙ্গ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার দলটির দপ্তর সম্পাদক ইউনুসুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনের তিনমাস পর পূর্ণাঙ্গ কমিটি দিল জাসদের এ অংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাসদ-এর পূর্ণাঙ্গ স্থায়ী কমিটি ১৫ সদস্য বিশিষ্ট। আর ১০৯ সদস্য রয়েছে কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে।
গত ১১ ও ১২ মার্চ জাসদের সম্মেলনে কাউন্সিলররা সর্বসম্মতিক্রমে শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, মঈন উদ্দিন খান বাদলকে কার্যকরী সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
কাউন্সিলররা এ তিন নেতাকে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেন। তারা সারাদেশের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে মঙ্গলবার দলের কমিটি ঘোষণা করেন।
এর আগে মার্চের সম্মেলনকে কেন্দ্র করে বিভক্ত হয় জাসদ। সেসময় সংগঠনের সভাপতি হাসানুল হক ইনুকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে শিরীন আখতারের নাম ঘোষণা করা হয়।
দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে গত ১৩ এপ্রিল ইনু-শিরীনের জাসদকে মূলধারার স্বীকৃতি দিয়ে তাদের মশাল প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন (ইসি)।
সর্বশেষ গত ২২ জুন মশাল প্রতীক বরাদ্দ নিয়ে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন অংশের করা রিভিউ আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
