২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের ‘গুরুত্ব না বোঝায়’ নেতাকর্মীদের প্রতি নাখোশ এরশাদ

দেশের বর্তমান পরিস্থিতিতে ‘গণমাধ্যমসহ অন্যরা জাতীয় পার্টির গুরুত্ব বুঝলেও’ নেতা-কর্মীরা তা বুঝতে পারছে না বলে মনে করছেন এইচএম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 09:57 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

দলীয় কর্মকাণ্ডে ‘অমনযোগীদের’ নতুন কমিটিতে রাখা হবে না বলেও হুঁশিয়ার করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইফতারপূর্ব আলোচনায় এরশাদ বলেন, “দেশে প্রতিদিন মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, রক্ত ঝরছে। মিডিয়া আজ জাতীয় পার্টির পক্ষে লিখছে। কারণ সবাই বুঝতে পারছে নৈরাজ্যের হাত থেকে বাঁচতে হলে জাতীয় পার্টির বিকল্প নেই। আমরা ছাড়া জনগণকে কেউ নিরাপত্তা দিতে পারবে না।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“অথচ তোমরা (নেতাকর্মী) সেটা বুঝতে পারছ না। আমার মনে হয় না ইউপি নির্বাচনে জাতীয় পার্টির কয়জন প্রার্থী জয়ী হয়েছে তা তোমরা বলতে পারবে।”

নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এবার নতুন কমিটি করতে যাচ্ছি- যারা পার্টির কোনো খোঁজ-খবর রাখো না, দল নিয়ে চিন্তা-ভাবনা করো না তাদের দলে রাখা হবে না।”

গত ১৬ এপ্রিল জাতীয় পার্টির কাউন্সিল হয়। এরপর দলীয় চেয়ারম্যান এরশাদ স্ত্রী রওশন এরশাদ ও ছোট ভাই জিএম কাদেরকে দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও কো-চেয়ারম্যান ঘোষণা করলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে ইফতার ও আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সাহিদুর রহমান টেপা, নূরে হাসনা লিলি চৌধুরী উপস্থিত ছিলেন।