জাসদ নয়, বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী আওয়ামী লীগই: রব
সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকেই দায়ী করেছেন জাসদের একাংশের সভাপতি আ স ম আবদুর রব।
শেখ হাসিনার ১৯৯৬ সালের সরকারের মন্ত্রী রব মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন, “সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য অগ্রহণযোগ্য, অন্যায্য ও অনভিপ্রেত। বঙ্গবন্ধু হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী।”
সোমবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে জাসদ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার মধ্যে এই প্রতিক্রিয়া জানান রব।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরির জন্য জাসদে দায়ী করে আশরাফ বলেন, এই দল থেকে মন্ত্রী করার জন্য আওয়ামী লীগকে আজীকন প্রায়শ্চিত্ত করতে হবে।
রবের পর জাসদের অন্য একটি অংশের সভাপতি হাসানুল হক ইনু বর্তমানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে রয়েছেন।
বাংলাদেশের স্বাধীনতার পর ছাত্রলীগের বিভক্তির পর আওয়ামী লীগ থেকে একটি অংশ বেরিয়ে ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রের’ স্লোগান নিয়ে জাসদ গঠন করে বঙ্গবন্ধু সরকারের বিরোধিতায় নেমেছিল। ছাত্রলীগ থেকে ডাকসুর ভিপি হওয়া রব দলটির প্রথম কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
পরে জাসদ কয়েক ভাগে ভাগ হয়ে যায় এবং ইনু নেতৃত্বাধীন অংশ আওয়ামী লীগের সঙ্গে জোটে এলেও রব ঘনিষ্ঠতা গড়েন সামরিক শাসক এরশাদের সঙ্গে।
১৯৯৬ সালের আগে সব জাসদ এক হয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে যোগ দেয়, তখন রব হন সরকারের মন্ত্রী। পরে রব আবার আলাদা হয়ে এখন জাসদ (জেএসডি) দল নিয়ে আছেন। অন্যদিকে ইনু রয়ে যান আওয়ামী লীগের সঙ্গে।
বিবৃতিতে রব বলেন, “আওয়ামী লীগের দলীয় ভুল রাজনীতি বঙ্গবন্ধুকে দলীয় আবর্তে বন্দি করে, ঔপনিবেশিক শাসনের বেড়াজালে আবদ্ধ করে জনগণ থেকে ক্রমাগত বিচ্ছিন্ন করে (বঙ্গবন্ধুকে) মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।
“বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগই সরকার গঠন করে। ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর লাশ রেখে আওয়ামী লীগ নেতারাই মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে।”
জাসদ নেতা আ স ম রব; আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে মন্ত্রী ছিলেন তিনিও
জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা এবং বাংলাদেশে প্রথম সামরিক শাসন জারির জন্য আওয়ামী লীগের খন্দকার মোশতাক আহমেদের সেই সরকারকেই দায়ী করেন রব।
“এসব সত্য এবং ভুল রাজনীতি আওয়ামী লীগের স্বীকার না করাই হবে অতিমাত্রায় ভণ্ডামি,” বলেন তিনি।
আশরাফের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় জাসদের ইনু নেতৃত্বাধীন অংশের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, এটা মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্য বিনষ্ট করবে।
সম্প্রতি ইনুদের থেকে আলাদা হয়ে যাওয়া জাসদের অন্য অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এক বিবৃতিতে আশরাফের বক্তব্যের প্রতিবাদ জানালেও ইনুর সমালোচনাও করেছেন।
তারা বলেছেন, আওয়ামী লীগের কিছু নেতা নিজেদের ‘রাজনৈতিক অক্ষমতা’ ঢাকার জন্য জাসদের ভুলত্রুটি খোঁজার চেষ্টা করে থাকেন।
অন্যদিকে এই বিতর্কে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, আশরাফের ওই মন্তব্য দলের অবস্থান নয়, তার ব্যক্তিগত মতামত।
