২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার মোহাম্মদ আলির প্রতি সম্মান দেখায়নি: বিএনপি

কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম জড়িয়ে থাকায় সরকার তার স্মৃতির প্রতি যথাযথ সম্মান দেখায়নি বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 05:23 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

শুক্রবার দুপুরে ঢাকায় সদ্যপ্রয়াত সর্বকালের অন্যতম সেরা এই ক্রীড়াবিদের স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এ অভিযোগ করেন।

তিনি বলেন, “সরকারের উচিত ছিল, জাতীয় পর্যায়ে তার স্মৃতির প্রতি যথোপযুক্ত সম্মান দেখানো। তা হলে বাংলাদেশ বড় হতো, বাংলাদেশ ছোট হতো না। আজকে যে দেশ তাকে নাগরিকত্ব দিয়েছে, যে দেশ সম্পর্কে তিনি বলেছেন, ‘স্বর্গ যদি দেখতে চাও বাংলাদেশে যাও’। সুতরাং সেই দেশের সরকারের এই আচরণ ও মনোভাবের আমরা তীব্র নিন্দা জানাই।

“যেহেতু শহীদ জিয়াউর রহমান মোহাম্মদ আলীকে দাওয়াত দিয়েছিলেন, আজকে যে সব কাগজপত্রে মোহাম্মদ আলীর যে সংবাদ ছাপা হয়েছে, তাতে সব কিছু আছে শুধু শহীদ জিয়াউর রহমানের নামটা নাই। কেন? অসুবিধা কি? শহীদ জিয়ার নাম না দেন, মোহাম্মদ আলীকে সম্মানটা দেখান, তার প্রতি শ্রদ্ধা জানান।

“তার স্মরণে, তার দাফন অনুষ্ঠানে আমাদের দেশের একজন প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে বলতে পারতেন সেখানে অংশ নিতে।”

৩ জুন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সের একটি হাসপাতালে ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ছাড়েন আলি। শুক্রবার স্থানীয় সময় দুপুরে সব ধর্ম-মতের মানুষের উপস্থিতিতে তার শেষকৃত্য হওয়ার কথা রয়েছে।

বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘ক্রীড়া, শান্তি, মানবতার শিল্পী বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর স্মরণে’ শিরোনামে এ সভা হয়।

সভায় মওদুদ বলেন, “তার মৃত্যুতে সরকার একটা কিছু করল না। এতো নিচু মন হলে তো চলবে না, মনকে বড় করতে হবে। কি অসুবিধা হতো যদি মোহাম্মদ আলীর স্মরণে আজকে জাতীয় পতাকা অর্ধনমিত থাকতো; এমনকি তার স্মরণে জাতীয় পর্যায়ের একটা অনুষ্ঠান করতেন। এতে কারো সম্মান নষ্ট হতো না।”

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মাহবুবুর রহমান বলেন, “শান্তি ও বর্ণবাদের বিরুদ্ধে মোহাম্মদ আলীর কর্মকাণ্ডের জন্য তিনি বিশ্ববাসীর কাছে, বাংলাদেশের মানুষের কাছে চিরঞ্জীব হয়ে থাকবেন।”

সভাপতির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ বলেন, “মোহাম্মদ আলী শুধু যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নাগরিক। তাকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ ধন্য হযেছে। তিনি পিতৃতুল্য একজন ক্রীড়াবিদ ছিলেন।”

তার মৃত্যুর পর ‘বাংলাদেশের সরকার যথোপযুক্ত সম্মান না দেখানোয়’ ক্ষোভ প্রকাশ করেন হাফিজ।

স্মরণসভায় অন্যদের মধ্যে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল লতিফ খান, সাবেক মুষ্টিযোদ্ধা গিয়াসউদ্দিন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বক্তব্য রাখেন।