২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগে আসতে পারে তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদকদের পদ

আওয়ামী লীগের কমিটিতে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদকদের পদ সৃষ্টির কথা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2016, 07:28 PM

Updated : 20 Aug 2022, 12:56 PM

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে তিনি বলেন, “স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হওয়ায় গঠনতন্ত্রে পরিবর্তন আনার পাশাপাশি দলে নতুন পদ তৈরি করা হবে কিনা এ নিয়ে আলোচনা হচ্ছে।

“আওয়ামী লীগে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের একটি পদ রয়েছে। কিন্তু তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদকদের পদ তৈরি করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করা হচ্ছে।”

দলের কৃষি বিষয়ক এই সম্পাদক বলেন, “মহানগর, উপজেলা ও জেলা নির্বাচন দলীয় ভিত্তিতে হওয়ায় ভবিষ্যতে আমরা কিভাবে নির্বাচন করব এ বিষয়টি গঠতন্ত্রে উল্লেখ করা হবে।  

“জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে সম্মেলনগুলো হবে তা গঠনতন্ত্রে কিভাবে থাকবে ..., তাছাড়া সাংগঠনিক কাঠামোগত কোনো পরির্তন হবে কিনা সেটা নিয়েও আমরা আলোচনা করছি।”  

গঠনতন্ত্র পরিবর্তনের বিষয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও মতামত নেওয়ার বিষয়ে গত সভায় আলোচনা হয়েছিল জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, “আমরা সারা দেশের জেলা উপজেলা ও থানা থেকে আগামীকাল (শুক্রবার) সুপারিশ করব বলে আশা করছি।” 

সভায় বাংলাদেশের সংবিধানের ধারাগুলোকে লক্ষ্য রেখে আওয়ামী লীগের গঠনতন্ত্র তৈরি করার ওপর জোর দেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, “আমাদের সংবিধানের ধারাগুলোকে লক্ষ্য রেখে দলের গঠনতন্ত্র তৈরি করতে হবে। কারণ আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস একই। এখন আওয়ামী লীগের সভানেত্রী গণতান্ত্রিক নেত্রী হিসেবে অত্যন্ত শক্তিশালী।” 

সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন বক্তব্য রাখেন।