২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ও কমিশন দুটোই প্রশ্নবিদ্ধ: রওশন

সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনিয়ম-সহিংসতায় ক্ষোভ প্রকাশ করে রওশন এরশাদ বলেছেন, এই নির্বাচন ও তা আয়োজনকারী নির্বাচন কমিশন উভয়ই এর মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 01:56 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

২০১৬-১৭ অর্থবছরের বাজেট নিয়ে রোববার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশনের সংবাদ সম্মেলনে ইউপি ‍নির্বাচনের প্রসঙ্গ আসে।

এই নির্বাচন ‘সুষ্ঠু’ হয়নি অভিযোগ করে তিনি বলেন, “ইউপি নির্বাচনে যা হয়েছে তা জনগণ ও আমরা আশা করি নাই। এ মারামারি আশা করি নাই।”

শনিবার সর্বশেষ ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে নবম ইউনিয়ন পরিষদ নির্বাচন। গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় সরকারের এই নির্বাচনের তফসিল ঘোষণার পর সহিংসতায় শতাধিক লোকের প্রাণহানি হয়েছে।

রওশন বলেন, “১১২ জন মারা গেছেন, কেন মারা গেল? কী কারণে মারা গেল? নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ, নির্বাচন প্রশ্নবিদ্ধ।”

রওশনের স্বামী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদও নির্বাচনে প্রাণহানিতে ক্ষোভ প্রকাশ করে এটাকে নির্বাচন বলা যায় কি না সে প্রশ্ন তুলেছেন।