রোজা সামনে রেখে ‘সিন্ডিকেট’ করে লুটপাট: বিএনপি
রোজা সামনে রেখে ক্ষমতাসীনদের একটি দল ‘সিন্ডিকেট’ করে দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় বলেন, “রমজান আসছে। সরকার উঁচু গলায় বললেন, বাজারে সব কিছু নিয়ন্ত্রণে এসে গেছে। রমজানে কোনো কিছুর দাম বাড়বে না। আমরা কী দেখছি? সকল স্তরের জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এর কারণ আওয়ামী লীগের লোকজন সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষের অর্থ লুটে নিচ্ছে।”
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
ক্ষমতাসীনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, “উলট-পালট করে দে মা, লুটেপুটে খাই। উলট-পালট হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের অর্থ লুট হয়েছে, কী যে তিনশ মিলিয়ন ডলারের কথা শুনি। এক একটা ব্যাংক থেকে যে হারে টাকা লুট হয়েছে, বেসিক ব্যাংক, হল মার্ক কেলেঙ্কারি এভাবে সব প্রতিষ্ঠান থেকে টাকা লুট হয়েছে।”
এখন লুটপাটের জন্য রোজার মাসকে ‘আরেকটি সুযোগ’ হিসেবে বেছে নেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ছোলার দাম গত বছরের চেয়ে এই বছর বেশি।
এছাড়া চাল, আটা, রসুন, ডাল, পেঁয়াজসহ সব পণ্যের দাম বেশি বলে দাবি করেন তিনি।
“আওয়ামী লীগের লোকজন সিন্ডিকেট করে এই লুটপাট করছে। টাকা লুটপাটের কোনো সুযোগ আওয়ামী লীগ হাতছাড়া করবে না।”
যুব দলের নেতা-কর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে সংগঠনটির সাবেক সভাপতি আব্বাস বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় আমাদের বলতেন, নেতৃত্ব পেতে হলে জনগণের কাতারে থাকতে হবে। তাই পদ-পদবীর দিকে না তাকিয়ে বর্তমান যুব প্রজন্মকে সংগঠনের প্রতি মনোযোগী হতে হবে।”
বর্তমানে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে মহানগর ঢাকার বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, “এই দুজনকে যদি মাইনাস করা যায়, বিএনপি শেষ হয়ে যাবে। কিন্তু আমি বলতে চাই, সবাইকে যদি মেরে কেটে জেলে নিয়ে সাফ করে দেন, তারপরও বিএনপিকে শেষ করা যাবে না। একমাত্র আল্লাহই পারেন, মানুষের পক্ষে সম্ভব হবে না।
“আমি কারাগারে ছিলাম, বহু নেতা-কর্মীকে রেখে এসেছি। আমি তাদের মনে নির্ভীক মনোভাব দেখেছি। আর পাশাপাশি দেখেছি কিছু ভীরু-কাপুরুষ আমাদের মধ্যে আছে, যারা বিভিন্নভাবে প্রতারিত করে নিজে দলে প্রতিষ্ঠিত হতে চায়। আজকে আমাদের কাজ হবে ওই সব ব্যক্তিদের চিহ্নিত করা, যারা দুই নৌকায় পা রাখে। যারা রাতে আওয়ামী লীগ হয়ে কাজ করে ও দিনের বেলা বিএনপি করে।”
সংগঠনের সভাপতি ও বিএনপির নতুন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুব দলের আবদুল খালেক, ফজলুর রহমান, কেএমআই খলিল, ফারুক আহমেদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আ ক ম মোজাম্মেল হক, খন্দকার মাসুত, আলী আকবর চুন্নু, খালেক হাওলাদার, কাজী রফিক বক্তব্য রাখেন।
