দুর্গতদের পাশে দাঁড়ান, নেতাকর্মীদের প্রতি বিএনপি
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে নেতাকর্মী ও চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
রাজধানীতে শনিবার দুপুরে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দলের পক্ষ থেকে এই আহ্বান জানান।
তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র চট্টগ্রাম উপকূল অতিক্রম করার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রামসহ উপকূলীয় জেলাগুলোতে বইছে ঝড়ো বাতাস, সেই সঙ্গে চলছে বৃষ্টি। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে উপকূলীয় এলাকার ৫ লাখ বাসিন্দাকে।
উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।
ইতোমধ্যে রোয়ানুর প্রভাবে ঝড়ো বাতাসে গাছ ভেঙে ও ঘর বিধ্বস্ত হয়ে ভোলা, পটুয়াখালী ও চট্টগ্রামে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
খন্দকার মোশাররফ বলেন, “ঘূর্ণিঝড় রোয়ানু ইতিমধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। লাখ লাখ লোক অত্যন্ত বিপরযস্ত অবস্থায় দিন অতিবাহিত করছে। আমরা সরকারকে অনুরোধ করতে চাই, আপনাদের সকল ক্ষমতা নিয়োগ করে উপকূলীয় অঞ্চলের জনগণ ও জানমাল রক্ষা করার জন্য তাদের সহযোগিতা করুন, সাহায্য করুন।”
দলীয় নেতাকর্মীদেরও দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা বিএনপির নেতাকর্মী ও আমাদের ডক্টরস অ্যাসোসিয়েশনের চিকিৎসকসহ যে যেখানে অবস্থান করছেন, আপনারা মানবতার সেবায় এগিয়ে আসুন। দুযোর্গ কবলিত জনগোষ্ঠিকে সাহায্য করুন।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) এর উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়া, গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
এই আলোচনা সভার মধ্য দিয়ে জিয়াউর রহমানের স্মরণে বিএনপিঘোষিত পক্ষকালব্যাপী কর্মসূচি শুরু হলো।
গণতন্ত্র লাইফ সাপোর্টে
আলোচনায় অংশ নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাবেক রাষ্ট্রপতির অবদানের কথা স্মরণ করে মোশাররফ বলেন, “জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। স্বাধীনতার পরে যে সরকার ক্ষমতায় ছিল তারা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল।
“আজকে যে সরকার প্রতিষ্ঠিত সেই সরকার বিনাভোটে নির্বাচিত, নিজেরা নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে। অর্থাৎ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, জনগণের প্রতিনিধিত্বের সরকার নয়।”
জনগণ আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত অভিযোগ করে তিনি বলেন, “এককথায় বলতে চাই, গণতন্ত্র আজকে আইসিইউতে লাইফ সাপোর্টে আছে।”
দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, প্রশাসন, চিকিৎসা ব্যবস্থাসহ রাষ্ট্রীয় সব ব্যবস্থা সরকার ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জিয়াউর রহমানের জীবন-দর্শন অনুসরণে দেশকে এগিয়ে নেওয়ার সংকল্পও ব্যক্ত করেন খন্দকার মোশাররফ।
সংগঠনের সভাপতি একেএম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ড্যাব এর মহাসচিব এজেডএম জাহিদ হোসেন, সাবেক সংসদ সদস্য দীপেন দেওয়ান ও ড্যাব নেতারা বক্তব্য দেন।
