২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমির উদ্দিনের ৫ মামলা বাতিল আবেদনে বিভক্ত আদেশ

অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা পাঁচটি মামলা বাতিল চেয়ে সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আবেদনে বিভক্ত আদেশ দিয়েছে হাই কোর্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 05:48 PM

Updated : 12 Apr 2022, 02:05 AM

পাঁচ মামলা বাতিল প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ বিভক্ত এই আদেশ দেয়।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক মামলা বাতিল (রুল অ্যাবসলিউট বা যথাযথ) ঘোষণা করেন। এর সঙ্গে দ্বিমত পোষণ করে অপর বিচারপতি মো. খসরুজ্জামান আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে দেন। 

আদালতে জমির উদ্দিন সরকারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খান। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী সারোয়ার আহমেদ।

পরে আইনজীবী সরোয়ার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় (একক বেঞ্চ) বেঞ্চে পাঠাবেন। তৃতীয় বেঞ্চ শুনানি নিয়ে যে সিদ্ধান্ত দেবেন, তাই চূড়ান্ত হবে।

২০১০ সালের ২৮ ডিসেম্বর রাজধানীর শেরে বাংলা নগর থানায় দুদকের দায়ের করা এই পাঁচ মামলায় বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংসদের স্পিকার থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে।

মামলাগুলো বাতিল চেয়ে জমির উদ্দিন সরকার হাই কোর্টে আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৩ সালে হাই কোর্ট রুলসহ মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। মামলাগুলো কেন বাতিল করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়।

এরপর হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন নিয়ে যায়। শুনানি নিয়ে ২০১৪ সালের ২৮ মে আপিল বিভাগ দুই মাসের মধ্যে হাই কোর্টে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেয়।

এর ধাবাহিকতায় রুলের ওপর শুনানি করে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করল। 

সেই পাঁচ মামলা

এক. ২০১০ সালের ২৮ ডিসেম্বর শেরে বাংলা নগর থানায় দুদকের করা এই মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালে জমিরউদ্দিন সরকার স্পিকার হিসেবে বিদেশে চিকিৎসার জন্য ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকার বিল নিজের নামে অনুমোদন করে বেআইনিভাবে তুলে নেন।

দুই. এই মামলায় বলা হয়, অষ্টম জাতীয় সংসদ ভেঙে দেওয়ার পর তখনকার চিফ হুইপ প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনকে নিয়ম বহির্ভূতভাবে ছয় লাখ ৯ হাজার ৬৬২ টাকার সরকারি আসবাবপত্র ও অন্যান্য মালামাল ফেরত দেওয়া থেকে অব্যাহতি দেন জমিরউদ্দিন সরকার।

তিন. এতে অভিযোগ, বিদেশে চিকিৎসা ব্যয়ের অর্থ অনুমোদন না দেওয়া সত্ত্বেও পারস্পরিক যোগসাজশে সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ারের চিকিৎসা ব্যয় বাবদ অন্তত ৬ লাখ টাকা অনুমোদন দিয়ে সরকারি অর্থের ক্ষতিসাধন করে নিজেরা লাভবান হন।

চার. দুদকের করা এই মামলার অভিযোগে বলা হয়, পারস্পরিক যোগসাজশে বিদেশে চিকিৎসা ব্যয়ের অনুমোদনের ক্ষমতা স্পিকার জমিরউদ্দিনের না থাকা সত্ত্বেও সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর চিকিৎসা ব্যয় বাবদ এক লাখ ২১ হাজার ৭০৩ টাকা অনুমোদন দিয়ে সরকারি অর্থের ক্ষতিসাধন করে নিজেরা লাভবান হন।

পাঁচ. অভিযোগে বলা হয়, তৎকালীন চিফ হুইফ খোন্দকার দেলোয়ার হোসেনের জন্য বাড়ির রান্নার চুলার গ্যাস বিল ও বিদ্যুৎ বিল বাবদ চার লাখ ৪০ হাজার ৮৭ টাকা বরাদ্দের ক্ষমতা না থাকা সত্ত্বেও জমির উদ্দিন সরকার অনুমোদন দিয়ে সরকারি অর্থের ক্ষতিসাধন করে নিজেরা লাভবান হন।

মামলাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে দুদক কৌঁসুলি সারোয়ার আহমেদ বলেন, এই পাঁচ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরে আদালত অভিযোগ আমলে নেন। এ অবস্থায় পাঁচ মামলা বাতিল চেয়ে জমির উদ্দিন সরকার হাই কোর্টে আবেদন করেন।