২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জয়ের ৩০০ মিলিয়ন’ চাপা দিতেই আসলামকে নিয়ে নাটক: বিএনপি

সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক হিসাবে ৩০ কোটি ডলার রয়েছে বলে তার উৎস জানতে চেয়ে বিএনপি যে দাবি তুলেছে তাকে ধাপাচাপা দিতেই সরকার আসলাম চৌধুরীকে নিয়ে নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 05:33 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘তিনশ মিলিয়ন ডলারের যে ঘটনাটি দেশব্যাপী প্রচারিত, এটা নিয়ে সাধারণ মানুষের মুখে মুখে কথা। তারপর রাজকোষ চুরি। এখানেও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তির নাম এসেছে।

“এটা নিয়ে সরকার প্রচণ্ড সমালোচনার মুখে মধ্যে পড়েছে, একটা কোনঠাসার মধ্যে পড়েছে। এটাকে কাউন্টার করার জন্য এখন আসলাম চৌধুরীর (দলের যুগ্ম মহাসচিব) একটা নাটক সাজিয়েছে।”

ইসরায়েলের নাম ব্যবহারের সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতেই সরকার এই নাটক সাজিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে চট্টগ্রামের বিএনপি নেতা আসলাম চৌধুরীর একটি ছবি সম্প্রতি গণমাধ্যমে প্রকাশের পর থেকে তা নিয়ে আলোচনা শুরু হয়।

এর মধ্যে তাকে ঢাকায় গ্রেপ্তার করে সোমবার সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পাঠায় আদালত।

সরকারে তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, আসলাম চৌধুরী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে সরকার উৎখাতের অভিযোগ নাকচ করে রিজভী বলেন, “সরকার বলছে গোয়েন্দা সংস্থার লোকের সঙ্গে আসলাম চৌধুরী বৈঠক হয়েছে। তিনি(আসলাম চৌধুরী) একজন ব্যবসায়ী, ব্যবসার কাজে ভারত গেছেন।”

এর মধ্যে ভারতে বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে দেখা হওয়ার কথা ইসরায়েলি রাজনীতিবিদ মেন্দি এন সাফাদি বিবিসির কাছে স্বীকার করলেও তাদের মধ্যে ‘কোনও গোপন বিষয়ে’ কথা হয়নি বলে দাবি করেছেন।

তার বক্তব্যেরই প্রতিধ্বনি করে রিজভী বলেন, “যদি গুপ্তচরের সঙ্গে একজন রাজনৈতিক দলের নেতার আলোচনা হয়ে থাকে সেই ছবি কী প্রতি ঘণ্টায় ঘণ্টা ফেসবুকে পোস্ট করবে- এটা কেউ বিশ্বাস করবে না। এটা শুধু বিভ্রান্তি ছড়ানোর জন্য বলা হচ্ছে।

আওয়ামী লীগের সঙ্গে নিবিড় সখ্যতা রয়েছে যে ভারতের, তার মাটিতে বসে বিএনপি সরকার উৎখাতের ষড়যন্ত্র করার এই অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেন তিনি।

“এখন চারিদিক থেকে এই সরকার যে পতনের শেষ প্রান্তে এসে পড়েছে। এখন সেখান থেকে উদ্ধার করার জন্য কোনো কিছু ইস্যু পাওয়া যায় কি না- এধরণের খোঁড়া ইস্যু সামনে তোলার চেষ্টা করছেন।”

আসলাম চৌধুরীর বিষয়টি নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে ‘একপেশে’ সংবাদ প্রকাশ করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, “দেখুন কিছু কিছু মিডিয়া। অনেক মিডিয়ার মালিকদের তো আমরা জানি। দেখা যাচ্ছে, ঘুরে ফিরে এই কথাটা (সরকার উৎখাত) বলছে। গতকাল যখন বিবিসি বাংলায় শুভজ্যোতি ঘোষের যে প্রতিবেদনটি প্রকাশ হলো, তখন এটা তো আমরা প্রচার করতে দেখলাম না।

“আমি আপনাদের (রিপোর্টার) বলছি না। আপনারা সংবাদ কর্মী, আপনারা সাংবাদিক। কিন্তু আপনাদের মালিকরা কে কি করেন, তা তো আমরা জানি। তাদের মিডিয়াতে বার বার ঘুরে ফিরে কায়দা করে এ বিষয়টি দেখানো হচ্ছে, বানিয়ে বানিয়ে বলা হচ্ছে। এ থেকে বুঝা যায় সরকারের উদ্দেশ্য কী?

“আমরা বলতে চাই, ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের ব্যাপারের ষড়যন্ত্র করবে, এটার চেয়ে হাস্যকর কিছু হতে পারে- এটা নিছকই তামাশা।”

দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে রিজভী বলেন, “সরকারের বিভিন্ন অনাচার আর অপকীর্তির বিরুদ্ধে কথা বলার কারণেই ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া রোষাণলে পড়েছেন, তার বিরুদ্ধে দেওয়া হয়েছে অসংখ্য মিথ্যা মামলা, যা সম্পূর্ণ চক্রান্তমূলক।”

মামলা প্রত্যাহার করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।  

পাশাপাশি রোববার ও সোমবার দলের বিক্ষোভ কর্মসূচিতে পটুয়াখালী, গাজীপুর, ময়মনসিংহ, কুড়িগ্রাম, গাইবান্ধা, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন স্থানে মিছিলে পুলিশি হামলা ও গ্রেপ্তারের নিন্দা জানিয়ে নেতাকর্মীদের মুক্তির দাবি জানান রিজভী।

আগামী ২৮ মে ইউনিয়ন পরিষদের পরের ধাপের নির্বাচন ও আগামী ২৫ মে কয়েকটি পৌরসভার নির্বাচন সামনে রেখে বিভিন্ন স্থানে বিরোধী প্রার্থীদের প্রচারণায় বাধা, নেতা-কর্মীদের বাড়ি বাড়ি হুমকি দেওয়া অভিযোগ করেন রিজভী।

“এখন দেশে নির্বাচন অজানা গন্তব্যে যাত্রা করছে। ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্কৃতিকারীদের বেআইনি বন্দুকের শাসন জারি করার কারণেই চলমান নির্বাচনগুলোতে বিনা ভোটে নির্বাচিত হওয়ার হিড়িক পড়ে গেছে। ইউপির পঞ্চম ধাপেও ৪২ জন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

“সরকার অভিনব নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার কারণেই আওয়ামী লীগের প্রার্থীদের জয়-জয়াকার। ভোটারবিহীন সরকারের শুভ ইচ্ছার ষোলকলা পূর্ণ করেছে তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন।”

দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, শিরিন সুলতানা, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আকম মোজাম্মেল হক, সাইফুল ইসলাম পল্টু এসময় উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

আসলামের সঙ্গে সাক্ষাৎ চক্রান্ত নয়: বিবিসি বাংলাকে সাফাদি
‘জয়ের টাকার’ তদন্ত চায় বিএনপি