২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলের ভয় খালেদার নেই: ফখরুল

খালেদা জিয়ার বিরুদ্ধে আরও দুই মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার নেত্রী কারাগারে যাওয়া নিয়ে ভীত নন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 09:25 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে নাশকতার দুটি মামলায় অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে সোমবার এক সমাবেশে একথা বলেন তিনি।

ফখরুল বলেন, “দেশনেত্রীর বিরুদ্ধে সরকার একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে, চার্জশিট দিচ্ছে। এর একমাত্র কারণ তারা দেশনেত্রীকে ভয় পায়। তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায়।

“আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, দেশনেত্রী মামলাকে ভয় পান না। তিনি জেলখাটাকেও ভয় পান না, জেলে তিনি গিয়েছেন।”

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বন্দি হয়েছিলেন খালেদা। তখন গ্রেপ্তার করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।

খালেদা জিয়ার বিরুদ্ধে ১৫টি মামলার তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এগুলো ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’।  

প্রায় ৭২ হাজার মামলায় বিএনপির ৫ লাখ ৭০ হাজার নেতা-কর্মীকে বিভিন্ন মামলার আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

“এভাবে মিথ্যা মামলা দিয়ে, গ্রেপ্তার করে, নির্যাতন করে, কারাগারে নিক্ষেপ করে, গুম করে কোনোদিনই মানুষের হৃদয় জয় করা যাবে না, ক্ষমতায় টিকে থাকা যাবে না,” সরকারকে হুঁশিয়ার করেন ফখরুল। 

দলের চেয়ারপারসনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেতা-কর্মীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

“মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ-বিক্ষোভকে আরও তীব্র করতে হবে। দেশনেত্রীর হাতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনগণকে নিয়ে আন্দোলনে সফল হতে হবে, এর বিকল্প কোনো পথ নেই।”

রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ হয়।

‘চক্রান্তে বিএনপি নেই’

শেখ হাসিনার সরকারকে হটাতে ইসরায়েলের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন বিএনপি মহাসচিব ফখরুল। 

তিনি বলেন, “আমরা কোনো চক্রান্তে বিশ্বাস করি না, আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করি না, আমরা কারও সাথে হাত মিলাই না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই বৈতরণী পার হতে চাই।”

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কহীন ইসরায়েলের এক রাজনীতিকের সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ছবি প্রকাশের পর থেকে তা নিয়ে তুমুল আলোচনা চলছে।

ইসরায়েলের সঙ্গে মিলে সরকার উৎখাতে বিএনপি চেষ্টা করছে বলে আওয়ামী লীগ নেতারা অভিযোগ তোলার পর আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। 

বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করে গণতন্ত্রের সব ক্ষেত্রগুলোকে সঙ্কুচিত করে ফেলেছে বলে অভিযোগ করেন ফখরুল।

“তা না হলে আমাদের এই মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করার কথা নয়। ভেতরে ১০ ভাগের একভাগ মানুষ আছেন। আর মিলনায়তনের বাইরে ৯০ ভাগ মানুষ অবস্থান করছে।”

আওয়ামী লীগের একদলীয় বাকশাল গঠনের ইতিহাস তুলে ধরে ফখরুল বলেন, “তারাই এবার ক্ষমতায় এসে ভাবছে, যদি এখানে বিএনপিকে টিকিয়ে রাখা যায়, তাহলে তো তারা ক্ষমতায় থাকতে পারবে না।

“সেজন্যই তারা সংবিধানকে সংশোধন করে নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাতিল করেছে। কেবল তাই নয়, এমন একটা নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করেছে তাদের বংশবদ কমিশন, তারা যা হুকুম করবে, তাই হবে।”

দশম সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “আমরা গণতন্ত্রবিহীন একটি পরিবেশে বাস করছি। এজন্য বর্তমান সরকারই দায়ী।

“আমরা বলতে চাই, জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আজকে আমাদের আন্দোলন এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া ও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন। আমি বিশ্বাস করি, এই সরকারের পরিবর্তন এখন সময়ের ব্যাপার। পরিবর্তন হতে বাধ্য।”

নির্দলীয় সরকার ফেরাতে সংলাপের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব ফখরুল।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শাহ মোয়াজ্জেম হোসেন, হাফিজ উদ্দিন আহমেদ, আবদুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু, কাজী আবুল বাশার প্রমুখ।