২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির রফিকুল কারাগারে

জামিনের আবেদন নাকচ করে বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 06:32 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য নাশকতার ১৩টি মামলায় জামিনের আবেদন নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে গিয়েছিলেন।

পাঁচটিতে জামিন হলেও কয়েকটি আদালতের হাকিম রফিকুলের অন্য আবেদনগুলো নাকচ করেন। ফলে তাকে কারাগারে যেতে হয়।

২০১৫ সালে হরতাল-অবরোধের সময় নাশকতার ঘটনায় রফিকুলের বিরুদ্ধে এ মামলাগুলো করে পুলিশ।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী অতিরিক্ত পিপি সালমা হাই টুনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পল্টন থানার মামলা ছিল সাতটি। মহানগর হাকিম মারুফ হোসেন তিনটিতে জামিন মঞ্জুর করলেও বাকি চারটিতে নামঞ্জুর করেন।

মতিঝিল থানায় দায়ের করা আরেকটি মামলায়ও হাকিম মারুফ হোসেন জামিন আবেদন নাকচ করেন।

মিরপুর থানার নাশকতার দুটি মামলায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম বিএনপি নেতার জামিন আবেদন নাকচ করেন।

এছাড়া যাত্রাবাড়ী থানার নাশকতার আরেকটি মামলায় জামিন আবেদন নাকচ করেন মহানগর হাকিম খোরশেদ আলম ।

পল্লবী থানায় দায়ের করা এক মামলায় মহানগর হাকিম গোলাম নবী জামিন দিলেও আরেক মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই দিন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার নাশকতার মামলায় ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।