২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষোড়শ সংশোধনী নিয়ে ‘সাংবিধানিক সঙ্কটের’ শঙ্কায় ফখরুল

ষোড়শ সংশোধনী নিয়ে বিচার বিভাগ ও আইনসভার মধ্যে ‘সৃষ্ট বিরোধে’ ‘সাংবিধানিক সঙ্কট’ হতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 07:20 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

শনিবার রাজধানীতে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, “আজকে বিচার বিভাগ ও পার্লামেন্টের মধ্যে যে বিরোধ সৃষ্টি হয়েছে, সঙ্কট সৃষ্টি হয়েছে, তাতে সাংবিধানিক সঙ্কট সৃষ্টির সুযোগ সৃষ্টি হয়েছে।”

গত ৫ মে হাই কোর্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে। রায়ে সংসদের মাধ্যমে বিচারক অপসারণ প্রক্রিয়াকে ‘ইতিহাসের একটি দুর্ঘটনা’ বলা হয়; যে রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপির উদ্যোগে জোটনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে আয়োজিত সভায় রাজনৈতিক মামলার ক্ষেত্রে সরকার দ্বৈতনীতি নিয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

“সরকারের জন্য এরকম আইন, বিরোধী দলের জন্য আইনের ভিন্ন প্রয়োগ। আজকে দেশনেত্রীর বিরুদ্ধে সরকার মিথ্যা মামলা দিচ্ছে। যে মামলায় এফআইআর এ নাম ছিল না, চার্জশিট করে তার নাম ঢুকানো হয়েছে।

“যে নাইকো মামলায় আজকের প্রধানমন্ত্রীর নাম ছিল, তা প্রত্যাহার করে নিয়েছেন, সেই মামলায় দেশনেত্রীকে আসামি করা হয়েছে।”

সরকারি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হাজার হাজার মামলা প্রত্যাহার এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার ‘মিথ্যা মামলা’ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এসময় বর্তমান অবস্থাকেও সঙ্কটজনক এবং কারও স্বাধীনতা নেই মন্তব্য করে সমস্যা সমাধানে ফের ‘নিরপেক্ষ সরকারের’ অধীনে জাতীয় সংসদ নির্বাচন দাবি করে সরকারকে সংলাপে বসার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটের নামে ‘প্রহসন ও তামাশা’ হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে।

দেশের উন্নয়নের নামে সরকারি দলের নেতাদের উন্নয়ন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

“সরকার বলছে, আগে উন্নয়ন, পরে গণতন্ত্র। উন্নয়ন কী করেছেন? সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি; উন্নয়ন হয়েছে আপনাদের।

“আপনারা কোটি কোটি নয়, শত শত কোটি টাকা লুণ্ঠন করছেন এবং দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন। এর প্রমাণ বিভিন্ন জায়গা থেকে আসছে।”

খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতেই ‘মিথ্যা মামলা’ দেওয়া হয়েছে দাবি করে ফখরুল বলেন, “একজন জনপ্রিয় নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া শুধু হয়রানি নয়, তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যই।”

তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “আজকের পত্রিকায় দেখলাম মাননীয় তথ্যমন্ত্রী দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি দেশনেত্রীকে (খালেদা জিয়া) রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে চান।

“আমার ভাবতে অবাক লাগে, যিনি গণতন্ত্রে মোটেই বিশ্বাস করেন না। যার ঘোষিত রাজনীতি ছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। তিনি আজকে গণতন্ত্র রক্ষা করতে চান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরিয়ে দিয়ে। যিনি বছরের পর বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করে চলেছেন।”

ইনু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা করেন’ দাবি করে ফখরুল বলেন, “সেই বহুদলীয় গণতন্ত্র চাইলে আপনাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে যে, আপনি ১৯৭৫ সালে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ মুজিবের বিরেুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, পরে আপনি কী জন্য ক্ষমা চেয়েছেন আওয়ামী লীগের কাছে?”

এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, জাগপার শফিউল আলম প্রধান, খন্দকার লুৎফর রহমান, এনডিপির খন্দকার গোলাম মূর্তজা, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, ডিএল’র সাইফুদ্দিন আহমেদ মনি, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা ও ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম বক্তব্য রাখেন।

পুরনো খবর:

বিচারক অপসারণ ক্ষমতা সংসদকে দেওয়া অবৈধ: হাই কোর্ট
ষোড়শ সংশোধনী: রায় স্থগিতের আবেদন রাষ্ট্রপক্ষের
বিচার বিভাগকে পরাধীন করতেই রায় স্থগিতের আবেদন: বিএনপি