পাকিস্তানে কাজ না হওয়ায় ইসরায়েলের কাছে বিএনপি: হাছান
বিএনপি নেতা আসলাম চৌধুরী ও ইসরায়েলের আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানের কথিত বৈঠকের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেছেন, পাকিস্তানের ‘ষড়যন্ত্রে’ কাজ না হওয়ায় বিএনপি এখন ইসরায়েলের কাছে ধর্ণা দিচ্ছে।
বুধবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “খবর বেরিয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ইসরায়েলের আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠক করেছে।
“ইসরায়েলের সঙ্গে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বিশ্বের অনেক মুসিলম দেশের সঙ্গেই ইসরায়েলের সম্পর্ক নেই। এমন একটি দেশের আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানের সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠক বিশেষ অর্থ বহন করে।”
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বলেন, “ইসরায়েলকে সঙ্গে নিয়ে বিএনপি শুধু বাংলাদেশবিরোধী অবস্থানই নেয়নি, তারা গোটা মুসলিম জাহানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
“বিএনপি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএস থেকে মাসোয়ারা নেয়। পাকিস্তানের ষড়যন্ত্র হালে পানি না পাওয়ায় বিএনপি এখন ইসরায়েলের কাছে ধর্ণা দিচ্ছে।”
ইসরায়েলকে মুসলিম বিশ্বের শত্রু অভিহিত করে তিনি বলেন, “ফিলিস্তিনের মুসলমানদের অধিকার রক্ষায় বিশ্বের মুক্তিকামী মানুষ যখন সোচ্চার, তখন বিএনপি ইসরায়েলকে নিয়ে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র করছে। তাই মোসাদের সঙ্গে বৈঠক করায় জামায়াতের মতো বিএনপিরও বিচার করতে হবে।”
আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল উপলক্ষে প্রচার উপ-কমিটির বৈঠক শেষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা- জানতে চান সাংবাদিকরা।
হাছান মাহমুদ বলেন, “আদালতের বিচারাধীন কোনো বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না।”
একাত্তরের সব যুদ্ধাপরাধের বিচারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার চলমান প্রক্রিয়া। আর নিজামীর ফাঁসি কার্যকরে মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের আত্মা শান্তি পাবে। তবে শুধু নিজামী নয়, সব যুদ্ধাপরাধীর বিচার করতে আমরা বদ্ধপরিকর।”
এসময় চিহ্নিত যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানানোয় জাতির সঙ্গে অন্যায় করা হয়েছে মন্তব্য করে সেজন্য বিএনপির বিচারও চান হাছান মাহমুদ।
বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বলেন, সম্মেলন উপলক্ষে দেশব্যাপী দুটি পোস্টার সাঁটানো হবে। একটি পোস্টারে থাকবে সম্মেলনের ডাক, আরেকটিতে সম্মেলনের ‘সাধারণ বার্তা’।
তিনি জানান, সম্মেলনে কাউন্সিলর-ডেলিগেটদের মাঝে দুটি সিডি ও একটি ফোল্ডার বিতরণ করা হবে। এতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিরোধীজোটের আন্দোলনের নেতিবাচক বিষয়গুলো থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল উপস্থিত ছিলেন।
