ক্ষ্যাপাবেন না: খালেদা জিয়াকে ছাত্রলীগ
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে মন্তব্যের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
“ছাত্রলীগকে ক্ষেপাবেন না। ছাত্রলীগ চাইলে ৩০ মিনিট নয়, ৩০ সেকেন্ডের মধ্যে আপনাকে (খালেদা) বিতাড়িত করতে পারে।”
রোববার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সমাবেশে এ হুঁশিয়ারি দেন ছাত্রলীগ সভাপতি।
‘বিএনপি-জামায়াত জোটের গুপ্তহত্যা, সন্ত্রাস নৈরাজ্যে, জঙ্গিবাদী তৎপরতা এবং গণতন্ত্র, উন্নয়ন, স্থিতিশীলতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে এই সমাবেশ হয়।
ছাত্রলীগ সভাপতি বলেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়কে নিয়ে আপনি মিথ্যাচার করছেন, জাতিকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। আপনি (খালেদা জিয়া) যে কটূক্তি করেছেন, তা বন্ধ করুন।”
ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের এই সমাবেশে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ সমাবেশে বক্তব্য রাখেন।
