আবারও দুর্ভিক্ষের পদধ্বনি: রিজভী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রভাবে বৃহত্তর জনগোষ্ঠী ‘হিমশিম খাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “দেশে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বেতন দ্বিগুণ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন সামান্য বৃদ্ধি করা হয়েছে। অথচ বৃহত্তর জনগোষ্ঠীর ওপর এর খর্গ নেমে এসেছে। কারণ যারা বেতন-বৃদ্ধির সুবিধা পাননি, তারাই বৃহত্তর জনগোষ্ঠী।”
“নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বেড়েই চলেছে। বৃহত্তর জনসমাজে আর্থিক ভারসাম্যহীনতা প্রকট আকার ধারণ করেছে। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্তদের এখন নাভিশ্বাস উঠেছে। সাধারণ মানুষের মধ্যে এক গুমোট পরিস্থিতি বিরাজ করছে।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)
রাজধানীতে নিম্নবিত্তদের অবস্থা ‘সংকটজনক’ আখ্যায়িত করে তিনি বলেন, “নিম্নবিত্তরা এখন রাস্তার ভবঘুরে পরিণত হয়েছে। আবারও দেশ বরণ্যে শিল্পাচার্য্ জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্মের মতো ডাস্টবিনে কুকুর মানুষ এক সাথে খাবার খাচ্ছে। দেশে আবারও দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে।”
রিজভী বলেন, “রাজধানীর ভিআইপি রোড বলে পরিচিত, যেসব রাস্তা দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যাতায়াত করেন, সেমস্ত সড়কের আশে-পাশেই ডাস্টবিনে ক্ষুধার্ত মানুষ খাদ্য খুঁজে বেড়াচ্ছে।”
এ সময় গণমাধ্যমে প্রকাশিত ডাস্টবিনের ক্ষুধার্ত মানুষের অবস্থানের বেশ কয়েকটি আলোকচিত্র সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপি নেতা।
