২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনিদের আশ্রয়দাতাদের সঙ্গে আপস নয়: নাসিম

খুনিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের সঙ্গে কোনো আপস হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2016, 09:50 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে শুক্রবার সন্ধায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।

নসিম বলেন, নিরপেক্ষতার নামে যারা খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয় তাদের সঙ্গে কোনো ধরনের আপস হতে পারে না।

“বঙ্গবন্ধু, জাতীয় চার নেতার খুনি, একাত্তরের ঘাতক, একুশে অগাস্টের গ্রেনেড হামলাকারীদের যারা আশ্রয় দেয় এবং সজীব ওয়াজেদ জয়কে যারা অপহরণের ষড়যন্ত্র করে তাদের সাথে কোনো আপস হতে পারে না।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে ‘সব হত্যাকারীর’ বিচার সুষ্ঠভাবে শেষ হয়েছে বলে দাবি করেন সরকারের স্বাস্থ্যমন্ত্রী।

“শেখ হাসিনা নিজ দলের লোকদের ছাড় দেননি, বিশ্বজিৎ হত্যার সঙ্গে জড়িতদেরও বিচার হয়েছে। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় খুনিদের বিচার না করে তাদের রক্ষা করেছেন “

কেন্দ্রীয় ১৪ দলের আয়োজনে আলোচনা সভায় ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বক্তব্য দেন।