২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সাবেক সাংসদ শহীদুল মাস্টার মারা গেলেন

বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম মাস্টার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 10:25 PM

Updated : 12 Apr 2022, 01:53 AM

বৃহস্পতিবার বিকালে গ্রিনরোডের গ্যাস্ট্রোলজি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল সোয়া ৩টার দিকে শহীদুল ইসলাম ভাই মারা যান। তিনি দীর্ঘদিন লিভার জটিলতার রোগে ভুগছিলেন।”

১৯৯১ সাল থেকে চার বার ঝিনাইদহের কোটচাঁদপুর-মহেষপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন শহীদুল। নিজ এলাকায় তিনি জনপ্রিয় ‘তৃনমূল নেতা’র পাশাপাশি একজন শিক্ষাবিদ হিসেবে ব্যাপক পরিচিত ছিলেন।

মৃত্যুকালে শহীদুল ইসলাম স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিবারের সদস্যরা জানান, মরহুমকে শুক্রবার মহেষপুরের ভালাইপুর গ্রামের পরিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে শুক্রবার বেলা ১১টায় গ্রামের মহেষপুর উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ও নিজ গ্রাম ভালাইপুরে সর্বশেষ জানাজা হবে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক সাংসদ শহীদুল ইসলামের প্রথম নামাজে জানাজা হয়।

এরপর রাত ৮টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় নামাজে জানাজা হয়। এতে বিএনপির আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভী, সানাউল্লাহ মিয়া, আবদুল লতিফ জনি, আবদুস সালাম আজাদ, মনির খান, আবদুল আউয়াল খান, আনোয়ার হোসেন, নুরুল ইসলাম খান নাসিম, শহীদুল ইসলাম পটুসহ কর্মীরা অংশ নেন।

এরপর মরহুমের কফিনের পুস্পমাল্য অর্পণ করে তার প্রতি দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

পরিবারের সদস্যরা জানান, পল্টন থেকে বনানীর বাসায় কিছুক্ষণ কফিন রাখার পর রাতেই সড়ক পথে অ্যাম্বুলেন্সে করে ঝিনাইদহে নিয়ে যাওয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা শোকবার্তায় প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারা মরহুমের আত্মর মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।