ষড়যন্ত্রকারীদের জন্য মায়াকান্না কেন: শেখ হাসিনা
ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চক্রান্তের মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের সমালোচনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “যে ষড়যন্ত্রকারী, তাদের জন্য মায়াকান্না, আর যারা ভিকটিম তাদের জন্য কিচ্ছু না! সেখানে মানবাধিকার হরণ না? আর সেটা নিয়ে তোলপাড়, সেটা নিয়ে অনেক কথা। এটা নিয়ে যারা বলে তাদেরও লজ্জা হওয়া উচিৎ।”
সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন শেখ হাসিনা।
যুক্তরাষ্ট্রে জয়কে অপহরণের চক্রান্ত করে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ায় গত বছর প্রবাসী এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ড হওয়ার পর ওই ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশে পুলিশ একটি মামলা করে।
ওই মামলায় গত শনিবার সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। নিন্দা এসেছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কাছ থেকেও।
এই গ্রেপ্তারের সমালোচনাকারীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রের জন্য যাদের নাম বিদেশের আদালতে উঠেছে, নিন্দা করা উচিৎ তাদের।
“অপরাধীকে গ্রেপ্তার করলে যদি অপরাধ করা হয়, তাহলে আমি মনে করি, এরা কোনোদিন কোনো হত্যার বিচারও চাইবে না। বিচার চাওয়াও তাদের উচিৎ না। কারণ কোনো অপরাধকে অপরাধ হিসেবেই তারা দেখবে না।
“তারা একজন সাংবাদিক দেখল, কিন্তু তার অপকর্মটা দেখলো না,” শফিক রেহমানকে পেশাগত কাজের কারণে গ্রেপ্তার করা হয়নি বলে স্পষ্ট করেন সরকার প্রধান।
“আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, তাকে গ্রেপ্তার করলেই সেটা না কি খুব নিন্দার হয়ে যায়। আর যারা ষড়যন্ত্র করল, তাদেরকে সমর্থন করা কেন? এ প্রশ্নটা জাতির কাছে আমরা রেখে গেলাম।”
এফবিআইয়ের অফিসারকে ঘুষ দেয়ার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, “সেখানে ষড়যন্ত্র করেছে। কার বিরুদ্ধে? জয়, তাকে অপহরণ করবে, তাকে হত্যা করবে।
“এটাও কিন্তু ধরা পড়েছে আমেরিকায়। তারাই এটা ধরেছে, তারাই বিচার করেছে। তাদেরই তদন্তে বেরিয়ে এসেছে যে, সেখানে তাদের অফিসার এবং সেই অফিসারকে ঘুষ প্রদান করেছে কে? সে বিএনপিরই নেতা।”
“কোর্টে তারা যেটা বলেছে, সেখানে বেরিয়ে এসেছে এই শফিক রেহমান, মাহমুদুর রহমানসহ তাদেরই নাম। এটা কিন্তু আমাদের করা না, আমেরিকার কোর্টে এটা প্রমাণিত।”
“যারা এত বড় ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার হলেও যাদের মনে এত ব্যথা জাগে বা যারা এটাকেই নিন্দা করে, অথচ ষড়যন্ত্র যে করলো তার জন্য নিন্দা করে না। এটা কোন ধরনের সাংবাদিকতা আর কোন ধরনের স্বাধীনতা?”
এই প্রসঙ্গে পঁচাত্তর পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার থেকে দায়মুক্তি দেওয়া নিয়ে নিজের বেদনার কথাও প্রকাশ করেন শেখ হাসিনা।
“আমরা কেউ মারা গেলে বা আঘাতপ্রাপ্ত হলে আমাদের কি কোনো মানবাধিকার নাই? আমাদের কি এদেশে বাঁচবার অধিকার নাই? ২১ বছর আমরা সেই যন্ত্রণায় ভুগেছি। ক্ষমতায় আসার পর সেই ইনডেমনিটি অর্ডিনেন্স বাতিল করেছি।”
প্রধানমন্ত্রী বলেন, “আমরা যেখানে অন্যায় দেখি, সেখানেই প্রতিকারের ব্যবস্থা নিই। অন্যায়কে আমরা কখনও প্রশ্রয় দিই না, দেব না।”
বিএনপি-জামায়াতের শাসনামলে দুর্নীতি ও অর্থপাচারের কথা তুলে ধরে তিনি বলেন, “এই খালেদা জিয়ার ছেলেরা টাকা পাচার করেছে বিদেশে। এটা আমাদের বলা লাগেনি, আমেরিকার ফেডারেল কোর্টে তা প্রমাণ হয়েছে, সিঙ্গাপুরের কোর্টে প্রমাণ হয়েছে। আমরাই ওই লুণ্ঠিত টাকা ফেরৎ আনতে সক্ষম হয়েছি।”
২০১৫ সালে বিএনপি-জামায়াতের নাশকতার আন্দোলনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “যারা মানবাধিকারের কথা বলে, তারা মানবাধিকার লঙ্ঘনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে কীভাবে? তাদের সঙ্গে কথা বলতে গেলেই তো পোড়া মানুষের গন্ধ পাওয়া যায়।”
‘মুক্তচিন্তার নামে জঘন্য লেখা’
মুক্তচিন্তার কথা বলে ধর্মের বিরুদ্ধে যারা লেখালেখি করেন, তাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে ধর্ম নিয়ে বাড়াবাড়ি যারা করেন, তাদেরও হুঁশিয়ার করেছেন।
শেখ হাসিনা বলেন, “আরেক শ্রেণি বেরিয়েছে। কী; মুক্তচিন্তা। মুক্তচিন্তা হচ্ছে মুক্তচিন্তা। কিন্তু সেই মুক্তচিন্তা যদি বিকৃত লালসা হয়, বিকৃত মানসিকতা হয়, নোংরা-জঘন্য ভাষায় যদি লেখা হয়-তার নাম নিশ্চয়ই মুক্তচিন্তা নয়। এটা বিকৃত মানসিকতা।
“এটা কী ধরনের মুক্তচিন্তা, যা আমার পড়তেও লজ্জা হয়, ঘৃণাও হয়। এটা কখনও মুক্তচিন্তা হতে পারে না। মুক্তচিন্তার জন্য ভালো কথা লিখুক। রুচিসম্মত লেখা লিখুক।”
ধর্ম নিয়ে লেখালেখিতে সতর্ক করে শেখ হাসিনা বলেন, “আমি ধর্ম পালন করি। আমি যাকে মানি তার সম্পর্কে যদি কেউ নোংরা কথা বলে, সেটা আমার কাছে কখনও গ্রহণযোগ্য না। এটা কোনো ধর্মপ্রাণ মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।”
ধর্মের নামে যারা বাড়াবাড়ি করছে, তাদের হুঁশিয়ার করে তিনি বলেন, “শেষ বিচার করবেন আল্লাহ রাব্বুল আলামীন। শেষ বিচার করার দায়িত্ব তো আল্লাহ কাউকে দিয়ে দেননি।”
১৯৯৩ সালে বিএনপি ক্ষমতায় থাকার সময় পহেলা বৈশাখ পালনে সরকারের বাধা পাওয়ার কথাও তুলে ধরেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
