২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বৃদ্ধির উল্টোচিত্র বাংলাদেশে: নজরুল

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে কল-কারখানার শ্রমিকরা ‘বৈষম্যের’ শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2016, 08:53 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “পে কমিশন করে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। কিন্তু কল-কারখানায় যারা উৎপাদন করে তাদের বেতন বাড়ে নাই।”

সরকারি কর্মচারী ও গার্মেন্ট শ্রমিকের বেতনের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকারি পিয়নের বেতন হয়েছে ন্যূনতম ৮ হাজার ২শ টাকা। আর গার্মেন্টস কারাখানা একজন টেকনিশিয়ান বেতন ৫ হাজার ৩শ।

“কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, যারা সম্পদ উৎপাদন করে, যারা পয়সা পয়দা করে, যারা শিল্পের শ্রমিক তাদের মজুরি বাড়বে না। আর সচিবালয়ে বসে থাকবে যারা, কেবল তাদের বেতন বাড়বে। এটা বৈষম্য।”

নজরুল ইসলাম উৎপাদনের সঙ্গে যুক্তদের বেতন-ভাতা বাড়ানোর দাবি জানিয়ে বলেন, “উৎপাদনশীল মানুষের আগে বেতন বাড়বে। তারপরে বেতন বাড়বে যারা সহায়ক শক্তি আছে তাদের। কিন্তু আমাদের দেশে এটার উল্টোটা হয়।”

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ গার্মেন্টস, টেক্সটাইল অ্যান্ড লেদার ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে সংগঠনটির সাধারণ সম্পাদক প্রয়াত মোহাম্মদ আবু তাহেরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের সভাপতি নজরুল ইসলাম খান দেশের শিল্প-কারখানার অবস্থা ‘সংকটজন’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, “সরকারি কর্মচারীদের জন্য যদি ‍ন্যূনতম ৮ হাজার ২শ টাকা বেতন নির্ধারণ করা হয়, তাহলে কেন উৎপাদনশীল শ্রমিকদের জন্য এটা হবে না। তারা কী আলাদা বাজার থেকে জিনিস কিনে নাকী, না তারা আলাদা রেশন পায়।”

দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকারের ব্যর্থতাকে দায়ী করেন নজরুল।

সংগঠনের সভাপতি কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব বাবুল আখতার, সহসভাপতি শামীমা নাসরিন, রুহুল আমিন, শ্রমিক দলের কবিরুল হাসান, মফিদুল ইসলাম মোহন প্রমুখ বক্তব্য রাখেন।