মান্নার মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান জাফরুল্লাহ
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তির ব্যাপারে প্রধান বিচারপতি এস কে সিনহার হস্তক্ষেপ চেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরী।
শনিবার রাজধানীতে এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আজ এক বছর দুই মাস একজন রাজনৈতিক কর্মী জেলে আছেন। তিনি অসুস্থ।
“রাজবন্দিকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। সরকার অমানবিক আচরণ করছে। আমরা শান্তি চাই। শান্তি রাখার দায়িত্ব সরকার ও আমাদের মাননীয় প্রধান বিচারপতির।”
প্রধান বিচারপতি সুন্দর সুন্দর কথা বললেও সুন্দর সুন্দর কাজ করছেন না মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “উনি গ্যালারির দিকে তাকিয়ে খেলছেন, ছক্কা মারছেন। জনগণের লোক হয়ে থাকলে উনার উচিৎ নিজের দায়িত্ব সুয়োমোটো (স্বপ্রণোদিত হয়ে সরকারের প্রতি আদেশ জারি) করা- কেন আজ পর্যন্ত মান্নাকে হাজির করা হলো না।
“তা না হলে প্রধান বিচারপতি দায়িত্ব অবহেলা করছেন, এজন্য তাকে একদিন জনতার কাঠগড়ায় আসতে হবে।”
রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গত বছরের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় দায়ের দুই মামলায় কারাবন্দি আছেন মান্না।
দুই মামলায়ই মান্না কেন জামিন পাবেন না- সরকারকে তা জানাতে গত ২১ মার্চ তিন সপ্তাহ সময় দিয়েছে হাই কোর্ট।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার মুক্তিসহ বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুরে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ‘ছাত্র ঐক্য’ ও ‘যুব ঐক্য’।
মাহমুদুর রহমান মান্নাকে ট্রাকে করে হাসপাতালে নেওয়ার অভিযোগ তুলে জাফরুল্লাহ চৌধুরী বলেন, “মাহমুদুর রহমান একজন রাজনীতিক। তিনি অসুস্থ। তাকে হাসপাতালে আনার জন্য কারা কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স পায় না। তাকে ট্রাকে করে হাসপাতালে নিয়ে আসা হয়। সে কি খুনি, সে কি ডাকাত?”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নার প্রতি ‘সৌজন্যবোধ’ দেখানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনি রাজনৈতিক কর্মী, রাজনৈতিক পরিবারের সদস্য। আপনি মাহমুদুর রহমানকে রাজনৈতিক কর্মী বিবেচনা করে তার প্রতি ন্যূনতম সৌজন্যবোধ দেখান।
জাফরুল্লাহ চৌধুরী (ফাইল ছবি)
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও থিয়েটারকর্মী সোহাগী জাহান তনুকে হত্যার প্রসঙ্গ তুলে ঘটনায় জড়িতদের ধরা না পড়ায় সরকারের কঠোর সমালোচনা করেন বিএনপি সমর্থক বুদ্ধিজীবী হিসেবে পরিচিত জাফরুল্লাহ।
সেনানিবাসের মতো সুরক্ষিত এলাকায় কলেজছাত্রী তনু কীভাবে হত্যার শিকার হলেন- মানববন্ধনে সে প্রশ্ন রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
“সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার পর প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রতিটি ঘরের বেডরুমে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আমার প্রশ্ন- কুমিল্লার তনু তো ঘরের বেডরুমে নয়, ঘরের বাইরেই হত্যা হলেন।
“তাহলে কেন তার নিরাপত্তা দিতে পারলেন না? নিরাপত্তার বেষ্টনীর ভেতরে একটি জায়গায় তনু হত্যা হলো কীভাবে? আজও কেন রহস্যের উন্মোচন করা যাচ্ছে না?”
যুব ঐক্যের আহ্বায়ক শাহিনুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও ছাত্র ঐক্যের নাজমুল আহসানের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের ঢাকা মহানগরের আহ্বায়ক শহীদুল্লাহ কায়সার, ইমরান হোসেন, এমএম মালেক ও স্বপ্না আখতার।
