২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়স্কদের বাদ দিয়ে কমিটি করার পরামর্শ জাফরুল্লাহর

বিএনপির জাতীয় কাউন্সিলে বয়স্ক নেতাকর্মীদের বাদ দিয়ে নবীনদের নিয়ে কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 08:57 PM

Updated : 20 Aug 2022, 12:07 PM

শনিবার বিকালে ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “দলের স্ট্যান্ডিং কমিটি, জাতীয় কমিটি ও উপদেষ্টা কাউন্সিলে সংখ্যা বাড়িয়ে ঘরভর্তি করে লাভ হবে না। আমার মতো লোককে কোনো জায়গায় নিয়ে তো লাভ নেই, হাঁটতে পারি না, দৌড়াতে পারি না।”

কমিটিতে নবীনদের স্থান দেওয়ার পরামর্শ দিয়ে বিএনপি সমর্থক বুদ্ধিজীবী হিসেবে পরিচিত জাফরুল্লাহ বলেন, “বয়োজ্যেষ্ঠরা পেছনে থাকবেন, উনাদের সংখ্যা আর বাড়িয়ে লাভ নেই- খালেদা জিয়াকে এই সহজ জিনিটা বুঝতে হবে। শত শত উপদেষ্টা আর বেশি বয়োবৃদ্ধ দিয়ে গুলশান অফিস ভরপুর করলে দেশের পরিবর্তন হবে না।”

এ সময় তার বক্তব্যে নেতাকর্মীদের তুমুল করতালি দিতে দেখা যায়।

বিএনপির নতুন নেতৃত্ব ও আগামী দিনের কর্মকৌশল প্রণয়নে আগামী ১৯ মার্চ দলের জাতীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন প্রাঙ্গণে এই কাউন্সিল হবে।

কাউন্সিলের আগে বিএনপি নেতা মশিয়ুর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে মশিয়ুর রহমান জাতীয় স্মৃতি পরিষদ।

এতে দলের কমিটি থেকে প্রবীণ নেতাদের বাদ দেওয়া নিয়ে জাফরুল্লাহ চৌধুরীর দেওয়া বক্তব্যের পর তার সঙ্গে দ্বি-মত পোষণ করে বক্তব্য দেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান।

“জাফরুল্লাহ ভাই বলেছেন তরুণরাই শক্তি, তাদেরকে সামনে আনতে হবে- এটা আমরাও বিশ্বাস করি। তবে এক্ষেত্রে প্রবীণদের দিক-নির্দেশনাও অপরিহার্য। নবীনদের শক্তি আর প্রবীণদের দিক নিদের্শনার সমন্বয় ঘটিয়ে আমাদের লক্ষ্য সফল করতে হবে।”

“বিএনপির সমালোচনা আমরা করি, কর্মীরাও করেন, আমাদের বুদ্ধিজীবীরাও করেন। তবে আমি গ্রামে গিয়ে দেখেছি- সাধারণ মানুষ বিএনপিকে নিয়ে এতো সমালোচনা করেন না।”

এ সময় মোহাম্মদ শাহজাহানের এই বক্তব্যে প্রধান অতিথির আসনে বসা মওদুদ আহমদকে করতালি দিতে দেখা যায়।

তবে বিএনপি নেতা শাহজাহানের বক্তব্যের সময়ে জাফরুল্লাহ চৌধুরী সেখানে ছিলেন না। বক্তব্য শেষ করার কিছুক্ষণ পরই অনুষ্ঠানস্থল ছেড়ে যান তিনি।

জাতীয় কাউন্সিলে বিভিন্ন পদে ভোটগ্রহণের আগে ইতোমধ্যে বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া এবং জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

আগামী ১৯ মার্চ কাউন্সিল অধিবেশনে তা অনুমোদন পাবে বলে নেতারা জানিয়েছেন।

বিভিন্ন মামলায় হুলিয়া নিয়ে লন্ডনে অবস্থানের মধ্যে গত কাউন্সিলে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তারেক। সেবারই পদটি সৃষ্টি করা হয়েছিল, এবার তিনি পুনর্নির্বাচিত হলেন।

মশিউর রহমান যাদু মিয়ার স্মরণসভায় জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, “দেশে এখন উন্নয়নের নামে গণতন্ত্রের কবর হয়েছে। এখানে স্বৈরাচার আছে, বাকশাল আছে, দুর্নীতির চরম শিকার। গত কয়েকদিন যাবত দেখছেন, সরকারি হাজার হাজার কোটি সরকারি ব্যাংক থেকে লোপাট হয়ে যায়।

“একমাস আগে ঘটনা ধরা পড়ার পরও গভর্নর কী করে নিশ্চুপ বসে থাকতে পারেন- অর্থমন্ত্রী কী করে চুপ করে বসে থাকতে পারেন। অন্য কোনো দেশ হলে ন্যূনতম যে কাজটি করতেন, দুইজনই স্ব-উদ্যোগে পদত্যাগ করতেন। কারো বলার অপেক্ষায় থাকতেন না।”

দেশে আন্দোলন নিয়ে ‘এতো প্রেক্ষাপট’ সৃষ্টি হলেও ‘বিরোধী দল’ আরও ভালো সুযোগের অপেক্ষায় নিশ্চুপ হয়ে বসে আছে বলে ক্ষোভ প্রকাশ করেন জাফরুল্লাহ।

পুলিশ বাহিনী, নির্বাচন কমিশন (ইসি) ও দুর্নীতি দমন কমিশন- এই তিন প্রতিষ্ঠানকে ‘ঠেঙ্গারি বাহিনী’ আখ্যায়িত করে তিনি বলেন, “পুলিশ ঠেঙ্গারি বাহিনী হলে কী হয়? পাওনা টাকা চাইতে গেছে, সরকারি পিস্তল দিয়ে এএসআই গুলি করে দিয়েছেন ঢাকার বুকে।”