সালাহ উদ্দিনের ঘাড়ে অস্ত্রোপচার সফল
ভারতের হরিয়ানার একটি হাসপাতালে বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের ঘাড়ে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে মেদান্তা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক কে কে হানডার তত্ত্বাবধায়নে অস্ত্রোপচার শেষ হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্কাইপে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি চিকিসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
অস্ত্রোপচারের আগে স্কাইপে দেশবাসীসহ সকলের কাছে দোয়া চান সালাহ উদ্দিন। স্পাইনাল কর্ডে সমস্যা ছাড়াও কিডনি জটিলতা, চর্ম ও হৃদরোগে আক্রান্ত বিএনপির এই যুগ্ম মহাসচিব।
ঘাড়ে ব্যথার চিকিৎসা নিতে শিলং ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতি নিয়ে গত ১১ মার্চ দিল্লিতে যান মেঘালয়ে অবৈধ অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়া সালাহ উদ্দিন আহমেদ। লাগোয়া রাজ্য হরিয়ানার গুরগাওয়ের মেদান্তা হাসপাতালে তার চিকিৎসা চলছে।
ঢাকা থেকে উধাও হওয়ার দুই মাস পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে হদিস মেলে সালাহ উদ্দিনের।
তারপর আটক হয়ে কিছু দিন কারা হেফাজতে হাসপাতালে ছিলেন তিনি। স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে পরে তাকে জামিন দেয় আদালত।
মেঘালয়ে সন্ধান মেলার পর তিনি দাবি করেন, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করা হয়েছিল।
অবৈধ অনুপ্রবেশের জন্য ভারতের আদালতে সালাহ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে, যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
গ্রেপ্তার হওয়ার পর বেশ কিছু দিন শিলংয়ের নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধি রিজিওনাল ইন্সটিস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেসে (এনইআইজিআরআইএইচএমএস) চিকিৎসাধীন ছিলেন তিনি।
জামিন পাওয়ার পর থেকে শিলং শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় আট কিলোমিটার দূরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন সাবেক এই প্রতিমন্ত্রী।
