সংখ্যালঘুরা বিপন্ন হলে কেউ নিরাপদ থাকবে না: আশরাফ
ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা পুরো জাতির ‘অস্তিত্বের’ বিষয় মন্তব্য করে তাদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
সংখ্যালঘুরা বিপন্ন হলে নিজেরা নিরাপদ থাকা যাবে না বলে সতর্ক করেছেন তিনি।
ঢাকেশ্বরী মন্দিরে শুক্রবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্যে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, “বর্তমান সরকার সংখ্যালঘুদের শতভাগ নিরাপত্তা দিচ্ছে- এটা দাবি করছি না। তবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হবে আর শেখ হাসিনা সরকার ঘরে বসে থাকবে, তা হবে না।”
তিনি বলেন, “সংখ্যালঘুরা সব সময় একটা অস্তিত্বের সংকটে থাকে। এর বিরুদ্ধে আপনি একা কেন রুখে দাঁড়াবেন? আমি কেন রুখে দাঁড়াবো না? কেন আমরা বাংলাদেশে তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারি না?
“কিন্তু আমরা যতই আশা করি না কেন, কিছু মানুষ আছে যারা অবিচার করে।”
সৈয়দ আশরাফ বলেন, “একজন হিন্দুকে হিন্দু বলে, খ্রিস্টানকে খ্রিস্টান বলে, গারোকে গারো বলে নির্যাতন করা হবে, বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দেওয়া হবে। এটা কোনো সভ্য মানুষের কাজ না। আমাদের যেভাবেই হোক সংখ্যালঘুদের রক্ষা করতে হবে।”
সংখ্যালঘুদের নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এটি শুধু ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্বের বিষয় না, এটা সমগ্র জাতির এবং আমাদের অস্তিত্বের বিষয়।
“আসুন ধর্মীয় সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় রুখে দাঁড়াই। কারণ তাদের অস্তিত্ব বিপন্ন করে আমি নিরাপদ থাকব- এটা হতে পারে না।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বক্তব্য দেন।
