মুদ্রা পাচার: তারেকের সমনের খবর জানাতে নির্দেশ
মুদ্রা পাচার মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে করা আপিল সম্পর্কে জানাতে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের লন্ডনের বর্তমান ঠিকানায় সমন নোটিস পাঠানো হলেও তা জারি হয়েছে কি না, তা জানাতে বলেছে হাই কোর্ট।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে আগামী ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন আকারে এ তথ্য জানাতে বলা হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বৃহস্পতিবার এ আদেশ দেয়। সেইসঙ্গে ৬ এপ্রিল আদেশের জন্য পরবর্তী দিন রাখা হয়েছে।
আদালতে মামলাকারী দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
২৮ ফেব্রুয়ারি হাই কোর্ট দুদকের করা আপিল সম্পর্কে জানাতে তারেক রহমানের বর্তমান ঠিকানায় (লন্ডন) পাঠানো সমন নোটিস জারি হয়েছে কি না, তা জানাতে বলে ৩ মার্চ আদেশের দিন রাখে।
এর ধারাবাহিকতায় ১৬ মার্চ বিষয়টি আদালতে ওঠে। সেদিন আদালত তারেকের লন্ডনের নতুন (বর্তমান) ঠিকানায় নোটিস পাঠাতে নির্দেশ দিয়ে ৩১ মার্চ আদেশের জন্য দিন রাখে।
দুদকের আইনজীবী খুরশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “তারেকের লন্ডনের বর্তমান ঠিকানায় সমনের নোটিস পাঠানো হয়েছে। তবে ওই নোটিস তারেক রহমানের প্রতি জারি হয়েছে কি না, সে বিষয়ে তথ্য দেখা যাচ্ছে না।
“এ অবস্থায় হাই কোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নোটিস তারেক রহমানের প্রতি জারি হয়েছে কি না, তা জানিয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিমকে ৬ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।”
গত ১৭ ফেব্রুয়ারি হাই কোর্ট দুদকের করা আপিলের বিষয়টি জানাতে খালেদা জিয়ার বড় ছেলে তারেকের বিরুদ্ধে জারি করা সমনের নোটিস প্রতিপালন হয়েছে কি না, তা ২৩ ফেব্রুয়ারির মধ্যে জানাতে নির্দেশ দিয়ে ২৪ ফেব্রুয়ারি দিন রাখে। ওই দিন আদালত শুনানি নিয়ে ২৮ ফেব্রুয়ারি দিন রাখে।
এর আগে ওই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেককে জজ আদালতের দেওয়া খালাসের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির দিন ধার্যে ১২ জানুয়ারি তালিকায় এলে আদালত তার বিরুদ্ধে নতুন করে সমন নোটিস জারির নির্দেশ দেয়।
আদালত সমনের বিষয়টি জানিয়ে বহুল প্রচারিত একটি বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলে। এর ধারাবাহিকতায় ১৭ ফেব্রুয়ারি বিষয়টি উচ্চ আদালতে ওঠে।
ঘুষ হিসেবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ২০১৪ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দেন। মামলায় তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয় সাত বছর কারাদণ্ড এবং ৪০ কোটি টাকা জরিমানা।
তারেকের রায়ের বিরুদ্ধে দুদক ওই বছর ৫ ডিসেম্বর আপিলের আবেদন করে। শুনানি শেষে গত বছর ১৯ জানুয়ারি হাই কোর্ট দুদকের আপিল গ্রহণ করে আসামি তারেককে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়।
মামলাটি দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াই অনুপস্থিত ছিলেন তারেক। গত আট বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন। আত্মসমর্পণ করলে তিনি জামিন চাইতে পারবেন।
