২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবসে শোভাযাত্রা করবে বিএনপি

স্বাধীনতা দিবসে শোভাযাত্রা করবে মহানগর বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2016, 07:18 PM

Updated : 20 Aug 2022, 12:15 PM

বুধবার বিকালে নয়া পল্টনে দলের মহানগর কার্যালয়ে ভাসানী মিলনায়তনে এক সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ কথা জানান।

তিনি বলেন, “১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল যেভাবে শত সীমাবদ্ধতার মধ্যে মহানগর বিএনপির নেতা-কর্মীরা সফল করেছেন, তেমনি বিএনপির আগামী ২৬ মার্চের কর্মসূচিও সফল করতে হবে।”

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৫ মার্চ বিকালে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভা ও ২৬ মার্চ সকাল সাড়ে ৭টায় শেরেবাংলা নগরে জাতীয় স্মৃতিসৌধ এবং সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

এছাড়া বিকাল ৩টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার কর্মসূচিও রয়েছে।

গয়েশ্বর বলেন, “আমাদের কাউন্সিলে দেশনেত্রী খালেদা জিয়া আগামী দিনে রাষ্ট্রকে এগিয়ে নিতে ‘ভিশন-২০৩০’ এর ধারণা তুলে ধরেছেন। এই ভিশন যাতে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেজন্য নেতা-কর্মীদের কাজ করতে হবে।”

এ সময় চেয়ারপারসন পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পুনর্নির্বাচিত হওয়ায় মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।

একই সঙ্গে মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসসহ আটক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, সালাহ উদ্দিন আহমেদ, মহানগর যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম, সদস্য সচিব হাবিব ‍উন নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান গয়েশ্বর।