২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার মামলায় খোকাসহ ২৪ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

রমনা থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ২৪ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 08:08 PM

Updated : 12 Apr 2022, 01:40 AM

ঢাকা মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে সোমবার এ পরোয়ানা জারি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মামলায় রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি তাপস কুমার পাল।

পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় নেতা শফিকুর রহমান ও শফিকুল ইসলাম মাসুদও রয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৩০ নভেম্বর রমনা থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় আসামিরা সুপ্রভাত বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করলে বাসটিতে আগুন ধরে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় চলাচল করা একটি রিকশাকে চাপা দিলে আতিকুর রহমান নামে একব্যক্তি নিহত হন।

এ ঘটনায় রমনা থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০১৫ সালের ১৭ অগাস্ট ডিবি পুলিশের এসআই দীপক কুমার দাস বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, জামায়াত নেতা শফিকুর রহমান, শফিকুল ইসলাম মাসুদসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।