শঙ্কা ‘নেই’, কাউন্সিলে সহযোগিতা চায় বিএনপি
দলের ষষ্ঠ কাউন্সিল নিয়ে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা করছে না জানিয়ে তা সফল করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে আগামী শনিবার অনুষ্ঠেয় জাতীয় কাউন্সিলস্থল পরিদর্শন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সহযোগিতা চান।
জাতীয় কাউন্সিলের জন্য রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণ ‘যথেষ্ট’ নয়- দলের পক্ষে ফের এই দাবি তুলে পাশের সোহরাওয়ার্দী উদ্যানের কিছু অংশ চান তিনি।
বিএনপির ভারপ্রপ্ত মহাসচিব বলেন, ১৯ মার্চ শনিবার বিএনপির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কাউন্সিল উপলক্ষে সারাদেশে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ব্যাপক আলোড়ন জেগেছে। পুনরায় জেগে ওঠার জন্য এই কাউন্সিল যে একটা অনন্য ভূমিকা রাখবে সে ব্যাপারে তারা নিশ্চিত।
“আমাদেরকে যে জায়গাটা দেওয়া হয়েছে, এখানে সংকুলান খুব কম। আমরা চেয়েছি পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যানের কিছুটা অংশ আমাদের ব্যবহার করতে দেওয়ার জন্য; যাতে করে আমরা ডেলিগেটদের সেখানে বসার ব্যবস্থা করতে পারি।
“আমরা আশা করব, সরকারের সম্পূর্ণ সহযোগিতা এই কাউন্সিল অনুষ্ঠানের জন্য পাব।”
কাউন্সিল নিয়ে কোনো নাশকতার আশঙ্কা করছেন কিনা- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এ ধরনের কোনো আশঙ্কা আমরা করছি না। আমরা আশা করি, আমাদের নেতাকর্মী যারা আছেন, তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই কাউন্সিল সফল করার চেষ্টা করবেন।
“আর আপনি যে বিষয়টি বলছেন, সেই ধরনের কোনো আশঙ্কা আমরা করছি না।”
এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, শফিক রেহমান, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান সিনহা, আবদুস সালাম, গিয়াস কাদের চৌধুরী, আফরোজা আব্বাস ও অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদ বৈঠক করেন।
এরপর তারা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন। তারা ঘুরে ঘুরে প্যান্ডেল তৈরির কাজ-কর্ম দেখেন।
এ সময়ে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, খায়রুল কবীর খোকন, নাজিমউদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, আবদুস সালাম আজাদ ও শামীমুর রহমান শামীম তাদের সঙ্গে ছিলেন।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বৈঠকে সেখানে কাউন্সিলের কর্ম অধিবেশনে প্রায় ২৮শ’ কাউন্সিলরের আসন কীভাবে করা যায়- তা নিয়ে তারা আলোচনা করেন। মিলনায়তনে আসন সংখ্যা ৮শ’।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, “বিভিন্ন উপ-কমিটি কাজ সম্পাদন করছে। সব কাজ সুন্দরভাবে হচ্ছে। আমরা আশা করছি, আগামী ১৯ তারিখ আমরা সুষ্ঠুভাবে কাউন্সিল সম্পাদন করতে আমরা সক্ষম হবে।”
দেশের গণতান্ত্রিক রাজনীতিতে এই কাউন্সিল নিঃসন্দেহে একটা ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, “আমি আগেই বলেছি, এই কাউন্সিলের মধ্যদিয়ে বিএনপি আবার জেগে উঠবে। দেশের গণতান্ত্রিক যে রাজনীতি তাতে বিএনপি আগে যে ভূমিকা রেখেছে, সেই ভূমিকা রাখতে সক্ষম হবে।”
সুশৃঙ্গলভাবে খাবার বিতরণে জেলাভিত্তিক নেতাদের নিয়ে ১৯টি কমিটি করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
সালাম বলেন, কাউন্সিলে উদ্বোধনী অনুষ্ঠানের মূল প্যান্ডেলে কাউন্সিলর, আমন্ত্রিত দেশ-বিদেশের অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। ডেলিগেটসহ সবাইকে বাইরে বিভিন্ন জায়গায় আসন নিতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব দুলু, ফজলুল হক মিলন, হারুনুর রশীদ, হাবিবুর রহমান হাবিব, হাবিবুল ইসলাম, এ বি এম মোশাররফ হোসেন, রফিক শিকদার, মহানগর নেতা কাজী আবুল বাশার, মো. সাহাবুদ্দিন, আনোয়ারুজ্জামান আনোয়ার, নজরুল ইসলাম কিরন ও মনিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
২০০৯ সালে ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।
