২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলের জন্য মহানগর নাট্যমঞ্চ পাচ্ছে বিএনপি

জাতীয় কাউন্সিলের কর্ম অধিবেশনের স্থান নিয়ে ‘বিপাকে’ থাকা বিএনপিকে মহানগর নাট্যমঞ্চ ব্যবহারের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 07:12 PM

Updated : 20 Aug 2022, 12:09 PM

দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলতায়তন বরাদ্দ দেওয়া হয়েছে দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কট করা দলটি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, “বিএনপি কাউন্সিল করার জন্য মহানগর নাট্যমঞ্চ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছে।

“জননেত্রী শেখ হাসিনা ও আমরা চাই তারা সুস্থ রাজনীতিতে ফিরে আসুক। তাদেরকে অনুমিত দেওয়া হবে। এবং কাউন্সিল আয়োজনে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।”

এদিকে সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিদর্শন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ জানান, দলের জাতীয় কাউন্সিলের জন্য উদ্বোধনী পর্বের যে জায়গা দেওয়া হয়েছে, তা অত্যন্ত স্বল্প পরিসরে।

“তারপরও আমরা এখানে কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান করব। তবে কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনটি কোথায় হবে- তা এখনও চূড়ান্ত করা যায়নি।”

“বুঝতেই পারছেন আমাদের প্রায় ২৬শ কাউন্সিলর হবেন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মাত্র ৮শ মানুষের স্থান সঙ্কুলান হয়। সুতরাং আমরা চেষ্টা করছি বড় পরিসরে একটি জায়গার।”

এ সময় গুলিস্থানে মহানগর নাট্যমঞ্চের জন্য আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।