নাশকতার মামলা থেকে ফখরুল, গয়েশ্বর, আব্বাসকে অব্যাহতি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম খান আলমগীরসহ ২৬ জনকে নাশকতার এক মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বৃহস্পতিবার মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন।
অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, সাইফুল ইসলাম নিরব, আব্দুস সালাম, সালাউদ্দিন আহম্মেদ, ওবায়দুল হক, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ, ড. সফিকুর রহমান।
২০১৫ সালের ২৯ এপ্রিল গোয়েন্দা পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এই ২৬ জনের অব্যাহতির সুপারিশ করে ছয়জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দেন।
এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনানি শেষে ছয়জনকে আসামি রেখে অন্যদের অব্যাহতি দেন বিচারক।”
তাপস জানান, সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তদন্ত কর্মকর্তা তাদের অব্যাহতির সুপারিশ করে ছয়জনকে আসামির তালিকায় রেখেছিলেন।
২০১৪ সালের ৩ জানুয়ারি বিরোধী দলের লাগাতার হরতালের মধ্যে রাজধানীর পরীবাগ মোড়ে গুলিস্তানগামী একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে দুই আরোহী ও চালক বাবুল মিয়া দগ্ধ হন।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বাসের আরোহী শাহীনা বেগম ও ফরিদ মিয়া।
ওই ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক বাবুল হোসেন এই মামলা করেন।
