দুদকের মামলায় মির্জা আব্বাসের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’
শাহবাগ থানায় দুদকের করা এক মামলায় হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
উচ্চ আদালতের এই আদেশের ফলে আব্বাসের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী সগীর হোসেন লিওন।
জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাই কোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। আদেশে ‘রুল যথাযথ’ ঘোষণা করে মির্জা আব্বাসকে জামিন দেওয়া হয়।
মির্জা আব্বাসের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন, সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন খুরশীদ আলম খান।
আদেশের পর সগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার মক্কেলের নামে থাকা তিনটি মামলার মধ্যে নাশকতার দুটি মামলায় তিনি ১৫ ফেব্রুয়ারি হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন। আজ দুদকের মামলাতেও হাই কোর্ট বিচার শেষ না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছে। ফলে তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।”
২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন ও গত বছরের ৬ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের করা নাশকতার ওই দুই মামলায় গত ৬ জানুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে মির্জা আব্বাসকে কারাগারে পাঠানো হয়।
