২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-তারেকের বিরুদ্ধে ‘অপপ্রচারে’ লাভ হবে না: ফখরুল

বিএনপির দুই শীর্ষ নেতা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালিয়ে কেউ সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2016, 07:02 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

শনিবার সকালে এক আলোচনা সভায় তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে খুব পরিকল্পিতভাবে অত্যন্ত কৌশলে বিভিন্ন রকমের অপ্রচার প্রথম থেকে শুরু করা হয়েছিল। তার বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ নিয়ে আসা হয়েছে।”

এখন পর্যন্ত সরকার কোনো দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি দাবি করে ফখরুল বলেন, “একইভাবে জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে আসছে। তাতে কী মানুষের কাছ থেকে তাদের দূরে সরিয়ে দেওয়া যাবে?”

সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ছাত্র ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উদ্যোগে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারাবরণ দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয়।

জিয়া পরিবারের প্রতি ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তারা শুধু ব্যক্তি নন, তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশের স্বতন্ত্র জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছেন।

“তারেক রহমান সাহেব একটা প্রতীক। আজকে এখানে যে মিডিয়ার ভাইয়েরা আছেন, তারা কতটুকু বক্তব্য দিতে পারবেন, জানি না। কারণ তারেক রহমান সাহেবের বক্তব্য এখন বাংলাদেশে প্রচার করতে দেয় না। তার কোনো কথাই দেশের পত্রপত্রিকায় প্রচার করতে দেওয়া হয় না।”

তারেককে ‘আগামী দিনের নেতা’ অভিহিত করে মির্জা ফখরুল বলেন, “যে মানুষটির ছবি বাংলাদেশের তরুণদের মধ্যে ইতিমধ্যে প্রথিত হয়ে গেছে। যে মানুষটির ছবি তরুণ সমাজের কাছে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তাকে কী এতো সহজে বিলিন করে দেওয়া যায়? যায় না।

“কেন? গণতন্ত্রে বিশ্বাস করলে এতো ভয় কেন? ভিন্নমতকে এতো ভয় কেন? বিরোধী দলের মতামতকে, কথাগুলোকে আপনাদের প্রচার করতে দেয় না, প্রকাশ করতে দেয় না।”

বিএনপির নেতাকর্মীদের হত্যা ও গুম করে ফেলার অভিযোগ তুলে তিনি বলেন, “এছাড়া হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। তারপরও আমাদের একজন মানুষও কী দল থেকে সরে গেছে?”

এক-এগারোর কুশীলবদের বিচার নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আজকে যারা এক-এগারোর বিপক্ষে কথা বলছেন, তারাই সে সময়ে ওই সরকারকে বৈধতা দেওয়ার কথা বলেছিল। তারা বলেছিল, ওই সরকার তাদের আন্দোলনের ফসল। এরা যা করেছে, তার সবকিছুকে বৈধতা দেবে। এখন যখন আতে ঘাঁ লেগেছে, তারা আক্রান্ত হয়েছে, এখন এক-এগারোর বিরুদ্ধে কথা বলছেন।

“যারা এই ঘটনাটি ঘটিয়েছে, তাদের কোনো বিচার না করে আজকে তারা কথা বলছেন। বার বার এক-এগারোর কুশীলবদের বিচারের দাবি উঠেছে। ইকবাল হাসান মাহমুদ টুকু এ নিয়ে মামলাও করেছেন।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও ছাত্র দলের সহসভাপতি নাজমুল হাসান বক্তব্য রাখেন।