বিএনপির কাউন্সিলে পুরান ঢাকার ‘মোরগ পোলাও’
বিএনপির জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের দুপুরে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘মোরগ পোলাও’ খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে সম্মেলনের আপ্যায়ন উপ-কমিটি।
বৃহস্পতিবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অর্থ বিষয়ক সম্পাদক ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সভায় খাবারের মেন্যু নিয়ে আলোচনায় এই সিদ্ধান্ত হয়।
সভার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আবদুস সালাম বলেন, “১৯ মার্চ রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আমন্ত্রিত কাউন্সিলর, ডেলিগেইট ও নেতা-কর্মীদের আমরা দুপুর ও বিকালের খাবারের মেন্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
“আমরা দুপুরে মোরগ পোলাও পরিবেশন করব। এটি পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি বিশেষ খাবার হিসেবে পরিচিত। মোরগ পোলাওয়ের সঙ্গে আলুও দেওয়া হবে।”
কাউন্সিলরদের জন্য সার্বক্ষণিক চা-কফি ও পানির সুব্যবস্থা থাকবে জানিয়ে তিনি বলেন, কাউন্সিলের খাবার কয়েকটি স্থানে রান্না করে সম্মেলনস্থলে এনে সরবরাহ করা হবে। এই কাজে মহানগর ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাদের দায়িত্ব দেওয়া হবে।
আপ্যায়ন উপ-কমিটির সভায় অন্যদের মধ্যে হাবিবুর রহমান হাবিব, হাবিবুল ইসলাম হাবিব, এ বি এম মোশাররফ হোসেন, কাজী আবুল বাশার, রফিকুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম খান নাসিম, বজলুল বাসিত আনজু, ইশতিয়াক আজিজ উলফাত, আবেদ রাজা, শামসুল হুদা, মো. মোহন, আবুল আহসান ননী তালুকদার, মকবুল ইসলাম খান, শহীদুল ইসলাম বাবুল, মনিরুল ইসলাম খান, হাবিবুল আলম চৌধুরী ববি, এ জি এম শামসুল হক, সাইদুল রহমান মিন্টু ও জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন।
বিএনপির কাউন্সিল সামনে রেখে বৃহস্পতিবার নয়া পল্টন কার্যালয়ে শৃঙ্খলা এবং সেবা উপ-কমিটির সভাও হয়। এতে সভাপতিত্ব করেন উপ-কমিটির আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ।
সভায় ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করতে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ১২ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল গঠন করার সিদ্ধান্ত হয়। এই দল কাউন্সিলের নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে।
শৃঙ্খলা ও সেবা উপ-কমিটির বৈঠকে অন্যদের মধ্যে আলতাফ হোসেন চৌধুরী, রুহুল আলম চৌধুরী, আবদুল কাইয়ুম, ফজলুল হক মিলন, মশিউর রহমান, হারুন অর রশীদ, শাহজাহান মিলন, আবদুস সালাম আজা, শিরিন সুলতানা, আবু সাঈদ খান খোকন, হেলেন জেরিন খান, সাইফুল ইসলাম পটু, আমিরুজ্জামান খান শিমুল, লিটন মাহমুদ ও রফিক হাওলাদার উপস্থিত ছিলেন।
বিএনপির কাউন্সিল উপলক্ষে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে একটি প্রস্তুতি কমিটি ও ১১টি উপ-কমিটি করা হয়েছে। সবকটি উপ-কমিটি কয়েক দফা সভা করে কাউন্সিলের প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
