খালেদা গেলেই লাঞ্ছিত হয় শহীদ মিনার: পংকজ
একুশের প্রথম প্রহরে বিএনপিনেত্রী খালেদা জিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার সময়কার হাতাহাতির ঘটনার প্রসঙ্গ তুলে তার তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য পংকজ নাথ।
সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, “যতবার তিনি (খালেদা জিয়া) শহীদ মিনারে যান, ততবারই শহীদ মিনার লাঞ্ছিত হয়, পদদলিত হয়। শহীদদের আত্মা ব্যথিত হয়।”
রোববার খালেদা জিয়ার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের হাতাহাতি হয়। অভিযোগ আছে, সেসময় বিএনপিকর্মীরা জুতা পায়ে শহীদ বেদীতে ওঠেন; ধাক্কাও দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে।
সংসদে পংকজ নাথ বলেন, “একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের একটু পরই পবিত্র শহীদ মিনার পদদলিত হলো।
“মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধী শক্তির প্রধান পৃষ্ঠপোষক বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির দুর্বৃত্তরা জুতো পায়ে শহীদ মিনারে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লাঞ্ছিত করেছে।”
খালেদা জিয়াকে বাংলাদেশ ও দেশের রাজনীতির জন্য ‘অভিশাপ’ হিসেবেও অভিহিত করেন পংকজ নাথ।
“বেগম খালেদা জিয়া বাংলাদেশের অভিশাপ; দেশের রাজনীতির জন্য অভিশাপ। খালেদা জিয়া ও তার দোসরা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করে। মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটাক্ষ করে।”
পুরোহিতের ঘাতকদের গ্রেপ্তার দাবি
অনির্ধারিত আলোচনায় পঞ্চগড়ে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন সেখানকার পুরোহিত হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান
রোববার সকালে দুর্বৃত্তরা পঞ্চগড়ের সন্তগৌড়ীয়া মঠের ভেতর মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে। সেসময় তারা মঠের ভক্ত গোপাল চন্দ্র রায়কে গুলি করে চলে যায়।
ওই হামলাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিহিত করে সুজন বলেন, এটা ধর্মীয় গোষ্ঠী বা সংখ্যালঘুর ওপর কোনো আক্রমণ নয়। এই ষড়যন্ত্র দেশের ১৬ কোটি মানুষের বিরুদ্ধে।
“দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।”
