২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি ভোট: প্রথম ধাপে বিএনপির প্রার্থী চূড়ান্ত

প্রথম ধাপে যে ৭৩৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে, তার ৭১৮টিতে চেয়ারম্যান পদে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হবেন বিএনপি নেতারা। বাকি ২০টি শরিক দলগুলোকে ছেড়ে দিচ্ছে তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2016, 09:06 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান রোববার আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী চূড়ান্তের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “আমরা তৃণমূল নেতাদের সুপারিশক্রমে ৭১৮টি ইউনিয়নে একক প্রার্থী চূড়ান্ত করেছি। ইতোমধ্যে প্রার্থী অথবা তাদের প্রতিনিধিরা ধানের শীষ প্রতীক বরাদ্দের প্রত্যয়নপত্র নিয়ে গেছেন।”

“যেসব জায়গা একাধিক প্রার্থীর সুপারিশ এসেছিল, সেখানে তৃণমূল পর্যায়ে সব পক্ষের সঙ্গে আলাপ করে আমরা একক প্রার্থী চূড়ান্ত করেছি।”

২০ দলীয় জোট শরিকদের এই নির্বাচনে ‘সম্পৃক্ত’ করা হয়েছে বলে জানান বিএনপির ইউপি ভোট পরিচালনার দায়িত্বে থাকা এই যুগ্মমহাসচিব।

দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলডিপি, লেবার পার্টি, ডেমোক্রেটিক লীগ, পিপপলস লীগসহ শরিকদের মধ্যে ২০টি ইউনিয়ন ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে এলডিপি ছাড়া অন্যরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে।

আগামী ২২ মার্চের ভোটকে সামনে রেখে বিএনপি এই প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। ২২ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবারই মনোনয়নপত্র জমা নেওয়া শেষ হয়ে যাবে।

আইন সংশোধনের পর চেয়ারম্যান পদে দলীয়ভাবে ভোট হলেও সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত নারী ওয়ার্ডে আগের মতোই নির্দলীয় নির্বাচন হবে। 

প্রথম ধাপে ৭৩৮টি ইউনিয়নের মধ্যে খুলনা বিভাগে ২৫২, ঢাকা বিভাগে ৮৯, রাজশাহী বিভাগে ৩১, চট্টগ্রাম বিভাগে ৭১, সিলেট বিভাগে ৮, রংপুর বিভাগে ১৫ এবং বরিশাল বিভাগের ২৭৩টিতে নির্বাচন হচ্ছে।

খুলনার পাইকগাছা, দাকোপ, বাগেরহাটের মংলা, শরণখোলা, কচুয়া, মোল্লা হাট, সাতক্ষীরার কলারোয়া, তালাসহ বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে শাহজাহানের অভিযোগ।

“আমরা যেসব প্রার্থীদের মনোনয়ন দিয়েছি, গত দুই দিনের ঘটে যাওয়া ঘটনাবলীতে আমরা শঙ্কিত যে আগামীকাল তাদের মধ্যে সবাই মনোনয়নপত্র জমা দিতে পারবেন কি না।”

প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়ায় সম্পৃক্ত দলের সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, যেসব ইউনিয়নে দ্বিতীয় দফায় ভোট হবে, সেসব ইউনিয়নের তৃণমূল নেতাদের সুপারিশ এবং ‍সুপারিশকৃত প্রার্থীর নামের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থী জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও ভোটার তালিকার অনুলিপি এবং মোবাইল নম্বর পাঠাতে হবে।

“একই সঙ্গে থানা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের টেলিফোন নম্বরও পাঠাতে অনুরোধ করা হচ্ছে।”

চট্টগ্রাম বিভাগের প্রার্থী তালিকা

খুলনা বিভাগের প্রার্থী তালিকা

ঢাকা বিভাগের প্রার্থী তালিকা

রাজশাহী বিভাগের প্রার্থী তালিকা

রংপুর বিভাগের প্রার্থী তালিকা

সিলেট বিভাগের প্রার্থী তালিকা

বরিশাল বিভাগের প্রার্থী তালিকা