ইউপি ভোট: প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে আ. লীগ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের প্রার্থী চূড়ান্ত করতে চতুর্থ বৈঠকে বসেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড।
শুক্রবার বিকালে গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে গোপালগঞ্জ ও মাদারীপুরের বিভিন্ন ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শেখ ফজলুল করীম সেলিম, ওবায়দুল কাদের, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, অধ্যাপক আলাউদ্দিন আহমেদ, আব্দুল মান্নান খান ও আবদুস সোবহান গোলাপ সভায় উপস্থিত রয়েছেন।
আগামী ২২ ফেব্রুয়ারি প্রথম ধাপে ৭৩৯টি ইউনিয়ন পরিষদে প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় রয়েছে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বাছাই শেষে ভোট হবে ২২ মার্চ।
দলের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে আগেও স্থানীয় সরকার/ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন, প্রথম ধাপে অনুষ্ঠেয় অধিকাংশ ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
