২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনে মুক্ত এম কে আনোয়ার

হাই কোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2016, 04:58 PM

Updated : 20 Aug 2022, 11:54 AM

শুক্রবার দুপুরে কারা কর্তৃপক্ষের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিনে চিকিৎসাধীন এই বিএনপি নেতার জামিনের কাগজপত্র আসার পর কারারক্ষীর দল তার কক্ষ ছেড়ে যায়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এম কে আনোয়ারের সাহেবের জামিনের সকল কাগজপত্র পাওয়ার পর দুপুরে তিনি মুক্ত হয়ে গেছেন।”

তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, এম কে আনোয়ার হৃদযন্ত্র ও কিডনির জটিলতাসহ বেশ কিছু রোগের চিকিৎসার জন্য কয়েকদিন হাসপাতালেই থাকবেন।

গত বছরের আগস্ট মাসে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় এম কে আনোয়ারের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠায় কুমিল্লার একটি আদালত। পরে তার বিরুদ্ধে আরও কয়েকটি নাশকতার মামলা হয়।

মঙ্গলবার বাড্ডা থানায় করা নাশকতার সর্বশেষ মামলায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ তার ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেয়।

বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের মধ্যে গত বছরের ১ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে বাড্ডা থানায় এই মামলা করে।

এর আগে এম কে আনোয়ার আরও ২০টি মামলায় জামিন পান বলে তার আইনজীবীরা জানিয়েছেন।

পুরনো খবর:

এম কে আনোয়ারের ‘মুক্তিতে বাধা নেই’