এম কে আনোয়ারের ‘মুক্তিতে বাধা নেই’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার নাশকতার আরও এক মামলায় জামিন পেয়েছেন, যার ফলে মুক্তি পেতে আর বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
গত অগাস্টে আদালতে আত্মসমর্পণের পর প্রায় ছয় মাস ধরে কারাগারে আছেন এই বিএনপি নেতা।
মঙ্গলবার বাড্ডা থানার নাশকতার এক মামলায় তিনি ছয় মাসের জামিন পেয়েছেন বলে তার আইনজীবী সগীর হোসেন লিওন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ তার অন্তর্বর্তীকালীন জামিনের এই আদেশ দেয়।
এম কে আনোয়ার (ফাইল ছবি)
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিম্ন আদালতে ২ ফেব্রুয়ারি এই মামলায় জামিন আবেদন নাকচ হয়। এর বিরুদ্ধে ৮ ফেব্রুয়ারি আপিল করে জামিন চাওয়া হয়েছিল।
“আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।”
বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধের মধ্যে গত বছরের ১ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে বাড্ডা থানায় এই মামলা করেছিল।
আদালতে এম কে আনোয়ারের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন, তার সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
কুমিল্লার এক মামলায় এম কে আনোয়ার গত বছরের ১৮ অগাস্ট আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
