আন্দোলন নয়, সংগঠনে মন দিতে বললেন খালেদা
আন্দোলন নয়, সংগঠন শক্তিশালী করতে মনোযোগী হওয়ার জন্য নেতাকর্মীদের বলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাতে জাতীয়তাবাদী তাঁতী দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “এখন আন্দোলন বড় কথা নয়, এখন সংগঠন জোরদার করতে হবে। জনগণকে বুঝতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে।
“অন্যায়, দুর্নীতি, জুলুম-অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণভাবে।”
বর্তমানে দেশের অবস্থা ‘ভীষণ খারাপ’ দাবি করে খালেদা জিয়া বলেন, “গণতন্ত্র না থাকলে কোনো ভালো কিছু হতে পারে না, উন্নতি হতে পারে না। আজ গ্রামে-গঞ্জে কাজ নেই। তাঁতীরা- কৃষকরা কষ্টে আছেন। তারা পণ্যের মূল্য পাচ্ছে না। অন্যদিকে সব দ্রব্যের দাম বেড়ে গেছে। দেশে শুধূ জুলুম, খুন, গুম, দুর্নীতি চলছে।”
মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা-কর্মীদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
দশম সংসদ নির্বাচন বর্জন করে আসা বিএনপির নেত্রী সরকারকে ‘অবৈধ’ দাবি করে বলেন, “এই সরকার গায়ের জোরে সব কিছু করছে। তাদের কোনো বৈধ্যতা নেই।”
পুলিশ বাহিনী এখন ‘নিয়ন্ত্রণহীন’ হয়ে ‘ফ্রি স্টাইলে’ চলছে বলেও অভিযোগ করেন তিনি।
“এখন পুলিশ বাহিনী বলছে, আমরাই সরকার, আমরাই সরকারকে টিকিযে রেখেছি। তাহলে এই পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করবে কে? তারা (সরকার) পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ফ্রি স্টাইলে পুলিশ চাঁদাবাজি করছে, মানুষ ধরে নিয়ে যাচ্ছে, মুক্তিপণ আদায় করছে, গুলি করছে, হত্যা করছে। অহরহ ঘটনা ঘটছে। মানুষের আজ কোনো নিরাপত্তাই নেই।”
কোনো ধর্মের মানুষই এখন ‘নিরাপদে নেই’- মন্তব্য করে খালেদা জিয়া বলেন, “আজকে মুসলমানরা নামাজ পড়তে পারেন না ঠিক মতো। বিভিন্ন জায়গায় হামলা করা হয়। একসঙ্গে বসে হয়ত দোয়া কালাম পড়বেন, সেখানেও বলা হচ্ছে তারা ষড়যন্ত্র করছে।
“হিন্দুরা ঠিকমতো ধর্মীয় কর্মকাণ্ড করতে পারছে না। হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হচ্ছে, সম্পত্তি দখল করে নেওয়া হচ্ছে, মেয়েদের ওপর অত্যাচার করা হচ্ছে। খ্রিস্টান ও বৌদ্ধদের অবস্থাও একই।”
আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া আর কেউ শান্তিতে থাকতে পারছে না অভিযোগ করে তিনি বলেন, “শান্তিতে থাকতে হলে সকলকে আওয়ামী লীগ করতে হবে। কেন? বাংলাদেশ একটা বহুদলীয় গণতন্ত্রের দেশ। কেন সবাই ওই দল করবে?”
গণমাধ্যমের স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তিনি বলেন, “মানুষের কথা বলার অধিকার নেই। আমরা কেউ কথা বলতে পারছি না। খবরের কাগজ সব কিছু লিখতে পারে না। টেলিভিশন সব কিছু দেখাতে পারে না, জোড়াতালি দিযে সংবাদ দেখায়।
“কেবল তাই নয়, আজ মানুষ সুবিচার পাচ্ছে না। আমরা বিচার পাচ্ছি না। বিচার বিভাগের স্বাধীনতা নেই। বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। তাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে- আজ এটা পরিষ্কার বোঝা যায়।”
কুইক রেন্টালে ভর্তুকির নামে জনগণের পকেট থেকে অর্থ ছিনিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনের নির্মাণ ব্যয় বাড়ানোর কঠোর সমালোচনা করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বলেন, “দেশের মানুষ ভালো নেই। ভালো শুধু আওয়ামী লীগাররা। তিনারা খাচ্ছেন, ঘুমাচ্ছেন, টাকা বানাচ্ছেন। বাড়ি করছেন বিদেশে। শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমার মনে হয়, উপরওয়ালা একজন সবই দেখছেন- আরেকটু কর, আরেকটু কর, তারপর হয়ত তিনি লাগাম ধরবেন।”
তাঁতী দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানের কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন খালেদা জিয়া।
সংগঠনের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।
