২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের ঘৃণা করুন: নাসিম

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের প্রতি সম্মিলিতভাবে ঘৃণা প্রকাশের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2016, 10:16 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে অমর প্রকাশনীর দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

নাসিম বলেন, “লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা নিয়ে বিতর্ক সৃষ্টি করার কিছু নেই। তারপরও একটি মহল সেই কাজটি করছে। আর একজন সাবেক প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারের স্ত্রী যদি এমন বিতর্ক সৃষ্টি করে তাহলে তা আমাদের জন্য লজ্জাজনক।”

“মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক সৃষ্টিকারীদের সম্মিলিতভাবে ঘৃণা করা উচিৎ।”

অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, “আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক থাকতে পারে। কিন্তু একটি বিষয়ের প্রতি আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা থাকা উচিৎ, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা।”

অমর সাহার গ্রন্থ ভাগীরথী ও রেজনু খানের মুক্তিযুদ্ধ প্রতিদিন গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেণ্য জাদুশিল্পী জুয়েল আইচ, টিভি ও নাট্য ব্যক্তিত্ব খ ম হারুন, সাবেক সচিব ড. মো. আব্দুল মজিদ প্রমুখ।