বিএনপির সম্ভাব্য প্রার্থীদের হয়রানি করছে ক্ষমতাসীনরা: রিজভী
ক্ষমতাসীনদের হয়রানির কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ঘরছাড়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীদের প্রত্যয়নের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ও নমুনা স্বাক্ষর জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “আমাদের প্রার্থীদের (ক্ষমতাসীনরা) শুধু ভয়ভীতি নয়, মিথ্যা মামলা দিয়ে ‘স্পেসিফিকভাবে’ গ্রামের নাম ধরে তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে হয়রানি করছে।
“আমাদের সম্ভাব্য প্রার্থীরা এখন বাড়ি-ঘর ছাড়া; যাতে ধানের শীষের প্রার্থীরা ভালো করে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে সে জন্য এসব করা হচ্ছে।”
বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনের প্রতি দলের অনাস্থার কথাও তুলে ধরেন বিএনপির যুগ্ম মহাসচিব।
“সুষ্ঠু নির্বাচনে ইসি তো আগেই আস্থা ক্ষুণ্ন করেছে। ইসির স্বাধীন, স্বতন্ত্র সত্ত্বা দেখতে পাইনি; সরকারের অনুগত হয়ে তারা কাজ করছে। ইসি তাদের অধিকার প্রয়োগ করেনি; বরং সরকারের মুখপাত্র হয়ে কাজ করেছে অতীতে।”
রিজভী জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলের প্রার্থী প্রত্যয়নে বিএনপির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ও নমুনা স্বাক্ষর নির্বাচন কমিশনের সচিবের কাছে জমা দিয়েছেন তিনি।
“তিনি আমাদের চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যয়নপত্র দেবেন।”
আগামী ২২ মার্চ প্রথম ধাপের ৭৩৯টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। নির্বাচনকে সামনে রেখে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ইসিতে জমা দেওয়ার কথা ছিল।
