২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ‘নির্বাচন প্রকল্প’ শুরু হয়েছে: ফখরুল

সবকিছু নিজেদের দখলে নিতে সরকার দেশে ‘নির্বাচন প্রকল্প’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 02:42 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

গাজীপুরের মেয়র এমএ মান্নানের মুক্তির দাবিতে বুধবার ঢাকা রিপোর্টর্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি বলেন, “দেশে নির্বাচন প্রকল্প শুরু হয়েছে। সরকার একেকটা নির্বাচন করবে, সমস্ত কিছু দখল করে নিয়ে যাবে।”

তিনি বলেন, “প্রতীক দিয়ে স্থানীয় নির্বাচন করা হচ্ছে। তারা বলবে আওয়ামী লীগ কত জনপ্রিয়, ধানের শীষ তো হেরে গেল, নৌকা জিতে গেল। জোড়াতালি দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে বেশিদিন টিকে থাকা যায় না।”

সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান সরকারের ব্যর্থতার সমালোচনা করে ফখরুল বলেন, “তারা আগের রাতেই সিল মারবে, এটা জানি। তারপরও নির্বাচনে যাচ্ছি। কারণ জনগণ দেখুক, তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন করা যায় কিনা।”

বিএনপির চার লাখের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা ছাড়াও ৩২ হাজার জনকে আটক, ছয় শতাধিক নেতাকর্মী হত্যা এবং সাড়ে ৪০০ জনকে গুম করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপিকে মুক্তিযোদ্ধাদের দল আখ্যায়িত করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে এ দেশের জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, আর আপনারা বলতে চান জেনারেল জিয়া পাকিস্তানের পক্ষের। এটা জনগণের দৃষ্টি অন্যদিকে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা।”

মির্জা ফখরুল মেয়র মান্নানসহ বিএনপির সব নেতাকর্মীর মুক্তি এবং খালেদা জিয়া ও তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিরোধীদলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন কমিশনকে ‘দলীয়করণ’ করার অভিযোগ তুলে ফখরুল বলেন, “সম্প্রতি একজন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রধান বিচারপতিকে নিয়ে যে কথা বলেছেন, তাতে বিচার বিভাগ আছে কিনা সন্দেহ তৈরি হয়।”

গাজীপুর জেলা বিএনপি সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক মিলনসহ বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।