২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদে মঙ্গল বাংলাদেশের: শেখ সেলিম

পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে চিন্তাভাবনা করতে পররাষ্ট্র মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা শেখ ফজলুল করিম সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 07:59 PM

Updated : 11 Oct 2022, 07:47 PM

মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফজলুল করিম সেলিম বলেন, “পাকিস্তান আমাদের চিরশত্রু। তারা বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত। তারা ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ করিয়েছে। এখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নাই।

“পররাষ্ট্র মন্ত্রীকে বলব- বিষয়টি চিন্তা করতে এবং এটা করতে পারলে আমাদের জন্য ভালো হবে।”

পাকিস্তান বাংলাদেশের মাটিতে বসে এখনও ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, “স্বাধীনতার ৪৪ বছর পরও তারা এদেশে এজেন্ট দিয়ে ষড়যন্ত্র করছে। দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে। ”

Image
শেখ ফজলুল করিম সেলিম

শেখ ফজলুল করিম সেলিম

আন্তর্জাতিক অপরাধ টাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার হচ্ছে মন্তব্য করে সেলিম বলেন, “নুরেমবার্গ ট্রাইব্যুনালে আপিল করার কোনো সুযোগ ছিল না। অথচ আমাদের এখানে আপিল এমনকি রিভিউ করারও সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মহল এই বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারেনি।”

সম্প্রতি পাকিস্তানি এক কূটনীতিককে দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ টেনে ফজলুল করিম সেলিম বলেন, “পাকিস্তানি এক কূটনীতিকের জঙ্গিবাদে সম্পৃক্ত থাকায় বাংলাদেশ তাকে বহিষ্কার করেছে। এই কূটনীতিক এখানকার জঙ্গি সন্ত্রাসীদের সাথে কেবল বৈঠকই করত না তাদের অ্যাম্বাসিতে ডেকে এনে জঙ্গি তৎপরতা চালানোর জন্য টাকা দিত।”

অভিযোগ প্রমাণিত হওয়ায় কূটনীতির রীতি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

“অথচ পাকিস্তান কোনো কারণ ছাড়াই মৌসুমী  রহমান নামে একজন কূটনীতিককে বহিষ্কার করেছে। পাকিস্তান কূটনৈতিক বর্হিভূত কাজ করছে এবং অসৌজন্যমূলক আচরণ করছে।”

জঙ্গি অর্থায়নে জড়িত সন্দেহে গত বছরের জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মাযহার খানকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়।

এরপর পাকিস্তান হাই কমিশনের কূটনীতিক ফারিনা আরশাদের বিরুদ্ধেও জঙ্গি ‘যোগসাজশের’ অভিযোগ উঠলে গত বছরের শেষ দিকে তাকে প্রত্যাহার করা হয়।

এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের এক কূটনীতিককে সে দেশ থেকে ফেরত নেওয়ার অনুরোধ জানায় পাকিস্তান।