২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা নয়, শান্তিপূর্ণ সরকার বদল চায় বিএনপি: ফখরুল

বিএনপি ক্ষমতা নয়, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার মতো নির্বাচনী ব্যবস্থা চায় বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 08:43 PM

Updated : 11 Oct 2022, 07:46 PM

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা চাই, এমন একটা নির্বাচনী ব্যবস্থা বের করা হউক, যার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যাবে।

“অর্থাৎ জনগণ ভোট দিতে পারে, তাদের ভোটের অধিকার রক্ষা হয়, যাতে করে জনগণের প্রতিনিধিত্ব করে এরকম একটি সরকার গঠিত হয়।”

‘ক্ষমতা হারানোর ভয়ে সরকার নির্বাচন দিতে চায় না’ বলেও এসময় মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার বড় ছেলে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক ‘মিথ্যা মামলা’ দেওয়া হচ্ছে দাবি করে তিনি বলেন, “বিরোধী দলের এমন কোনো নেতা নেই, যার বিরুদ্ধে ১০-১৫টা মামলা দেওয়া হয়নি। এসবের উদ্দেশ্য একটাই- দেশকে বিরোধীদল শূন্য করে দেওয়া, রাজনীতি শূন্য করে দেওয়া।”

সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ‘সংবিধান লঙ্ঘনে আইনের শাসন বিলুপ্তি’ শীর্ষক কনভেনশন ও সেমিনারে মির্জা ফখরুল দেশের বর্তমান অবস্থাকে ‘সংকটময়’ অভিহিত করে বলেন, “সারা দেশে মানুষ তো বটেই, আজ বিশ্ববিবেক বলছে, বাংলাদেশে আর গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই। যে সরকার বসে আছে, তারা কর্তৃত্ববাদী সরকার।”

বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল’ স্টুডেন্ট এলায়েন্স (বিএনবিএলএসএ) আয়োজিত অনুষ্ঠানে শেখ সোহেল মিয়াকে সভাপতি এবং রফিকুল হায়দার মাহিনকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৪১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

ভারতের বিশিষ্ট সাংবাদিক কুলদ্বীপ নায়ার কয়েকদিন আগে পত্র-পত্রিকায় বলেছেন যে বর্তমান সরকার কর্তৃত্ববাদী সরকারের পরিণত হয়েছে- একথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “তিনি (কুলদ্বীপ নায়ার) এই সরকারকে ইন্দিরা গান্ধীর সরকারের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন যে, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।”

পরিণতি কী হয়েছে- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, “ইন্দিরা গান্ধীর যেমন পরবর্তীকালে নির্বাচনে জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে গেছে, তিনি একটা বিরোধীদল পর্যন্ত গঠন করতে পারেননি।

“আজকে যদি বাংলাদেশে যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, আওয়ামী লীগের অবস্থাও একই হবে।”

কয়েকদিন আগে মার্কিন কংগ্রেসের শুনানিতে দেশটির গোয়েন্দা বাহিনীর প্রধান বাংলাদেশে ক্রমশ কর্তৃত্ববাদী আচরণ প্রকট হয়ে উঠেছে বলেছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, “এটা অত্যন্ত উদ্বেগজনক এজন্য যে, যদি এই অবস্থা চলতে থাকে উগ্রবাদী-জঙ্গিবাদীরা মাথাচাড়া দিয়ে উঠবে।”

‘এ অবস্থা’ থেকে উত্তরণে আবারও সরকারকে সংলাপে বসার আহ্বান জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আমরা বার বার বলছি, আমরা কথা বলতে চাই, আলোচনা করতে চাই, জাতীয় ঐক্য সৃষ্টি করতে চাই। সংলাপের মধ্য দিয়ে সমস্যা কীভাবে সমাধান করা যায়, সে পথ বের করতে চাই।”

বিএনপির অনেক নেতা-কর্মী নিখোঁজ রয়েছেন দাবি করে তিনি বলেন, “আমরা হিসাব করে দেখেছি, ছয়শ’র বেশি মানুষকে হত্যা করা হয়েছে বিনা বিচারে। ৪৪০ জনকে গুম করে দেওয়া হয়েছে।”

২০১৫ সালে ১৭ হাজারের বেশি ‘মিথ্যা মামলায়’ ৪ লাখ ৬০ হাজার জনকে আসামি করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “এই অনুষ্ঠানে একজনও নেই যার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়নি।”

আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে আবারও নতুন মামলা দিয়ে তাকে ‘অন্যায়ভাবে’ আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

“মাহমুদুর রহমান আজ যখন সুপ্রিম কোর্টের জামিনে মুক্তি পাবেন, তখন আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে আটকিয়ে রাখা হল। তিন বছর তিনি কারাগারে।

“এতোদিন সেই মামলা কোথায় ছিল? উদ্দেশ্য একটাই তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা, অন্যায়ভাবে তাকে আটকিয়ে রাখা হয়েছে।”

“দেশে আজ আইনের শাসন নেই। এখানে আছে ব্যক্তিশাসন, একটি দলের শাসন”, বলেন তিনি।

নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সরকারের ‘আজ্ঞাবহ’ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।

সংগঠনের সভানেত্রী সুলতানা রাজিয়া শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন অসীম, মহিলা দল সভানেত্রী শিরিন সুলতানা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক রাগিব রউফ চৌধুরী, সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, মীর মোহাম্মদ হেলালউদ্দিন ও ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।